রোহিঙ্গাবোঝাই তিন নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই তিনটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার সন্ধ্যা সাতটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে ওই তিনটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকায় ১২-১৫ জন রোহিঙ্গা ছিল।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ওই তিনটি নৌকার আরোহীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি ছিল। তিনি বলেন, ১ থেকে ১২ জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত রোহিঙ্গাবোঝাই ১৩টি নৌকা নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এসব নৌকা আবার মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়। এসব নৌকায় ১৫৬ জন রোহিঙ্গা ছিল। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সে জন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যের তিনটি সীমান্ত ছাউনিতে সন্ত্রাসী হামলায় সে দেশের নয় পুলিশ নিহত হয়। সন্ত্রাসীদের আটক করতে অভিযানে নামে দেশটির সেনা ও পুলিশ বাহিনী। শুরু হয় রোহিঙ্গাদের ওপর নির্যাতন। এরপর থেকে নাফ নদী পেরিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা বেড়ে যায়।