রোহিঙ্গাবোঝাই ৩ নৌকা ও ৭৬ রোহিঙ্গাকে ফেরত
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই ৩টি নৌকা ও ৭৬ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত মিয়ানমারের ওই রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ঝিমংখালী সীমান্ত এলাকা দিয়ে ৩টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। নৌকাগুলো মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের নিজ দেশে ফিরে যেতে বাধ্য করে বিজিবি।
লে. কর্নেল ইমরান বলেন, উখিয়া সীমান্ত এলাকার সাতটি চৌকিতে বিজিবির জনবল বাড়ানো হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের স্থলপথগুলো চিহ্নিত করে বিজিবির টহল বাড়ানো হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গত অক্টোবর থেকে নিধন চলছে। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটের মুখে তারা পালাচ্ছে।
আরও পড়ুন:
রোহিঙ্গা নির্যাতনের ধরন পাল্টেছে