পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দ্বারা বাংলাদেশ প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। তারা রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক ভারসাম্য, শ্রমবাজার ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজার জেলার মোট জনগোষ্ঠীর ২০ থেকে ২৫ শতাংশই অবৈধ। তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম জনগোষ্ঠী। এই বিপুলসংখ্যক জনগোষ্ঠী ভবিষ্যতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ৩৩ হাজার রোহিঙ্গা আছে। আর সাড়ে ৩ থেকে ৪ লাখ অনিবন্ধিত রোহিঙ্গা কক্সবাজারসহ পাঁচটি জেলায় অবস্থান করছে। গত বছরের অক্টোবরে মিয়ানমারের সীমান্ত ফাঁড়িতে হামলা এবং তারপর সামরিক অভিযানে রাখাইনের মুসলিম জনগোষ্ঠী ব্যাপক নির্যাতনের শিকার হয়। এতে মিয়ানমারের প্রায় ৭৫ হাজার নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।
জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভারতের সঙ্গে ১৩৪টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল, চীনের সঙ্গে ১০১টি সমঝোতা ও দ্বিপক্ষীয় চুক্তি এবং রাশিয়ার সঙ্গে ২৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের মোট ২৬৩টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে হয়েছে ১৯৯টি, বিএনপি সরকারের বিভিন্ন মেয়াদে ৪৭টি, এরশাদ সরকারের সময়ে ৯টি এবং সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ৮টি।
সংরক্ষিত আসনের পিনু খানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়। সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে ১১টি দেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৯১২ জন সদস্য কর্মরত রয়েছেন।
বঙ্গবন্ধুর খুনিদের সম্পদ জব্দে ব্যবস্থা হচ্ছে
সরকারি দলের শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত খুনিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এ ছাড়া ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে সাজাপ্রাপ্ত খুনিদের ছবিসংবলিত তথ্য পাঠিয়ে খুনিদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংরক্ষিত আসনের সফুরা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে এবং সমাজজীবনের সর্ব ক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিরাজ করছে। জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ দমনে কার্যক্রম অব্যাহত থাকবে।
সংরক্ষিত আসনের পিনু খানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন অবস্থায় পুলিশ বাহিনীর ৬৪৯ জন সদস্য নিহত ও ৩ হাজার ৯৬৮ জন আহত হয়েছেন। সংরক্ষিত আসনের দিলারা বেগমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ছয়টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যরা কর্মরত রয়েছেন। জাতিসংঘ মিশনে পুলিশ প্রেরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়।