রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কেন্দ্র করে এই মুহূর্তে মানবিক সংকট তৈরি হলেও ভবিষ্যতে এ নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরির আশঙ্কা আছে। নিরাপত্তার ওই ঝুঁকি শুধু বাংলাদেশের জন্য এ অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে। তাই এ সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশকে রাজনৈতিক সমর্থন দেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের।
ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের রোহিঙ্গা সমস্যার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরার সময় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এ কথা বলেছে।
গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি), পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিকেলে কথা বলে জানা গেছে, বিভিন্ন দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজিত ব্রিফিংয়ের শুরুতে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়। এরপর বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রশ্ন ও পর্যবেক্ষণ নিয়ে খোলামেলা আলোচনা হয়।
রাখাইনে ২৫ আগস্ট তল্লাশিচৌকিতে হামলার জের ধরে মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচার সেখানে তাণ্ডব চালিয়েছে। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে রাখাইনের প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলমান। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রশ্ন ও পর্যবেক্ষণের মধ্যে তিনটি বিষয় ছিল গুরুত্বপূর্ণ। প্রথমত, বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেওয়ায় এখানে ভবিষ্যতে কতটা নিরাপত্তার ঝুঁকি আছে? দ্বিতীয়ত, সামনের শীত সামনে রেখে মানব পাচারের আশঙ্কা কতটা? তৃতীয়ত, আরসার মতো একটি ছোট সন্ত্রাসী গোষ্ঠী কীভাবে একসঙ্গে ৩০টি তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে?
বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাশ্চাত্যের প্রতিনিধিরা রোহিঙ্গাদের কারণে ভবিষ্যতে বাংলাদেশের জন্য নিরাপত্তাঝুঁকি ও মানব পাচারের আশঙ্কা কতটা তা জানতে চান। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ আগস্টের ঘটনাপ্রবাহের পর থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে মানবিক দিকটিকে বড় করে দেখার বিষয়টি বলেছে বাংলাদেশ। সম্পদ ও স্থানের সীমাবদ্ধতার পরও বাংলাদেশ রোহিঙ্গাদের সহায়তায় কোনো রকম কার্পণ্য করেনি। রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার পাশাপাশি এদের কারণে যাতে আর্থসামাজিক ও নিরাপত্তার সমস্যা না হয়, সে বিষয়টিতে বাংলাদেশ সজাগ আছে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমর্থন চায় বাংলাদেশ। কারণ আন্তর্জাতিক চাপ ছাড়া মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কঠিন। মনে রাখতে হবে, রোহিঙ্গারা রাখাইনের প্রান্তিক একটি জনগোষ্ঠী। বঞ্চনার শিকার হওয়া এসব মানুষ উগ্রবাদের ফাঁদে পা দিলে নিরাপত্তাঝুঁকি শুধু বাংলাদেশেই সীমিত থাকবে না, এ ধরনের ঝুঁকি এ অঞ্চলেও প্রভাব ফেলতে পারে। আগামী শীতে রোহিঙ্গারা মানব পাচারের শিকার হতে পারে—এ আশঙ্কা থেকে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করা হয়।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, ইউরোপের একটি দেশের প্রতিনিধি তো কোনো রাখঢাক ছাড়াই ২৫ আগস্টের হামলায় আরসার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ইউরোপের ওই কর্মকর্তার মতে, হামলার পর এ পর্যন্ত প্রকাশিত ছবিতে আরসা সদস্যদের হাতে ধারালো অস্ত্র ও কিছুটা সেকেলে অস্ত্র দেখা গেছে। পাশাপাশি ৩০টি চৌকিতে সমন্বিতভাবে হামলা চালাতে হলে আরসার সদস্য অনেক বেশি হতে হবে। কিন্তু আরসার অস্ত্র আর তাদের সদস্যসংখ্যা দেখে এটা বলা মুশকিল যে আরসাই এত বড় হামলা চালিয়েছে। তখন আরও একাধিক দেশের প্রতিনিধি আরসা নিয়ে এ ধরনের প্রশ্ন তোলেন।
আলোচনার একপর্যায়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আরসার হামলার ব্যাপারে এখন পর্যন্ত মিয়ানমারের দাবি যাচাই করার সুযোগ নেই। কারণ, সেখানে গণমাধ্যমকে যেতে দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তল্লাশিচৌকিতে হামলার ব্যাপারে মিয়ানমারের দাবিটা অতিরঞ্জিত। আসলে ৩০টি নয়, এর চেয়ে অনেক কমসংখ্যক চৌকিতে হামলা হয়েছে।
আলোচনায় রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়টিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা জোর দিয়েছেন। এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে মিয়ানমারে এদের নাগরিকত্ব যাচাইয়ের প্রসঙ্গটি এসেছে। এ সময় ইউরোপের এক প্রতিনিধি বলেন, বাংলাদেশে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তাদের পরিচয়পত্র থাকা না-থাকাটা বড় বিষয় নয়। শুধু পরিচয়পত্রই নয়, আরও নানাভাবে লোকজনের নাগরিকত্ব যাচাইয়ের সুযোগ আছে।
এশিয়ার প্রতিনিধিরা রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়া এবং এ সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।
‘রোহিঙ্গাদের রক্ষায় মিয়ানমার ব্যর্থ’
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষা ও আন্তর্জাতিক আইন পালনের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
বার্তা সংস্থা এএফপি গতকাল বলেছে, জাতিসংঘের গণহত্যা প্রতিরোধবিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডাম ডিয়েং ও সুরক্ষাবিষয়ক বিশেষ উপদেষ্টা ইভান সিমোনোভিক এক বিবৃতিতে মিয়ানমারের বিরুদ্ধে ওই ব্যর্থতার অভিযোগ তুলেছেন। রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাড়া দেওয়ার ক্ষেত্রেও ব্যর্থতার অভিযোগ করেন তাঁরা।
যৌথ বিবৃতিতে এ দুই উপদেষ্টা বলেন, তাঁদের পাশাপাশি আরও অনেক কর্মকর্তার হুঁশিয়ারি সত্ত্বেও মিয়ানমার সরকার আন্তর্জাতিক আইন পালনে তার যে বাধ্যবাধকতা রয়েছে তা পূরণে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে নিষ্ঠুরতা থেকে রোহিঙ্গাদের রক্ষায়ও। এ সম্পর্কিত দায়িত্ব পালনে সমভাবে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও।
এদিকে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক শীর্ষপর্যায়ের কর্মকর্তা জেফরি ফেল্টম্যান মিয়ানমারে পাঁচ দিনের সফর শেষে গত মঙ্গলবার ফেরত এসেছেন। তবে তাঁর এ সফরও কোনো বিশেষ সাফল্য বয়ে আনতে পারেনি। এমন প্রেক্ষাপটেই জাতিসংঘের দুই উপদেষ্টা এ অভিযোগ করলেন। ফেল্টম্যান এখন ওই সফর নিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন দাখিল করবেন বলে মনে করা হচ্ছে।
গণহত্যা প্রশ্নে এখনো সংশয়
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনা আইনি পরিভাষায় গণহত্যার সংজ্ঞায় পড়ে কি না, তা এখনো ঠিক করতে পারেনি জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দপ্তরের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জয়োতি সাংঘেরাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স গতকাল এ তথ্য জানায়।
গতকাল সাংঘেরা বলেন, এ বিষয়ে তাঁরা এখনো আইনি পরিসীমা ভেবে দেখছেন। রোহিঙ্গাদের ওপর নির্যাতন এই সীমার মধ্যে পড়তে পারে। তবে এখন পর্যন্ত তাঁরা এ নিয়ে আইনি সংজ্ঞায় পৌঁছাননি।
মার্কিন কংগ্রেস সদস্যদের আহ্বান
রয়টার্স বলেছে, মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় জারি ও রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে নিষেধাজ্ঞা আরোপ করতে গতকাল ট্রাম্প প্রশাসনের প্রতি ৪০ জনের বেশি কংগ্রেস সদস্য আহ্বান জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে এক চিঠিতে সিনেট ও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টির এই সদস্যরা এ আহ্বান জানান। চিঠিতে তাঁরা মিয়ানমারের বিরুদ্ধে ‘অর্থপূর্ণ পদক্ষেপ’ নিতে বলেছেন।