রোহিঙ্গারা নির্যাতন ও পাচারের ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

♦ বিশ্ব খাদ্য কর্মসূচির রিভা শীর্ষক প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়।
♦ গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে জরিপ চালানো হয়।
♦ নতুন রোহিঙ্গাদের ৫৮.২ শতাংশ খাদ্যনিরাপত্তার অতি ঝুঁকিতে।
♦ ১২ শতাংশ নতুন রোহিঙ্গা খাবার বেচে দেয়।
♦ রোহিঙ্গা শিবিরের ৫০ শতাংশ শিশুর রক্তশূন্যতা।

বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, বাংলাদেশে আসা রোহিঙ্গারা হয়রানি, নির্যাতন, অপহরণ, মানব পাচার ও মাদক ব্যবসায় জড়ানোর ঝুঁকিতে আছে। পাশাপাশি তারা খাদ্যনিরাপত্তা, আর্থসামাজিক অবস্থান, শিশু-পুষ্টি, জীবিকা ও নিরাপত্তার ঝুঁকিতেও আছে। সেখানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে হবে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ‘রোহিঙ্গা ইমার্জেন্সি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ (রিভা) শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। উখিয়া ও টেকনাফের নিবন্ধিত রোহিঙ্গা শিবির, অস্থায়ী শিবির, নতুন আবাসস্থল ও স্থানীয় লোকজনের মধ্যে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে এক জরিপ চালানো হয়। এর ভিত্তিতে সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশিত হয়।

রিভা প্রতিবেদনে বলেছে, রোহিঙ্গা উদ্বাস্তুরা এবং স্থানীয় লোকজন চুরি, ডাকাতি এবং হয়রানির মতো নিরাপত্তার বিষয়গুলোর কথা তুলছে। সব বয়সী রোহিঙ্গা নারী শারীরিক সহিংসতা ও নির্যাতনে সবচেয়ে বেশিমাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৮ বছরের কম বয়সী মেয়েশিশুরা অপহরণের শিকার এবং ছেলে-মেয়েশিশুরা মানব পাচারকারী চক্রের মুখোমুখি হচ্ছে। এলাকাভেদে ৭ থেকে ৮ শতাংশ রোহিঙ্গা স্বাভাবিক চলাচলে বাধা পাচ্ছে।

কক্সবাজারে এমন পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ ও রাষ্ট্রীয় নিরাপত্তায় বড় ধরনের হুমকি বা চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, সেখানে দুই ধরনের চক্র কাজ করছে—মানব পাচার ও মাদক ব্যবসা। সেখানে ক্ষুদ্র সাধারণ অস্ত্র ব্যবসাও আছে। এসব চক্র রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাহক হিসেবে কাজে লাগাতে প্রলুব্ধ করছে। এখনই এই পরিস্থিতি রোধ করা না হলে এই হুমকি আরও বাড়বে।

এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, কক্সবাজারের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি বাড়ানো ও সক্রিয় ভূমিকা আপাতত এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে।

বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদনে বলা হয়, নতুন ও পুরোনো রোহিঙ্গাদের ৩ শতাংশ ও স্থানীয় লোকজনের ৫ শতাংশ মানব পাচারকারীদের মুখোমুখি হয়েছে। চুরি বা ডাকাতির শিকার হচ্ছে নতুন ও পুরোনো রোহিঙ্গাদের ৭ শতাংশ। তবে স্থানীয়দের ক্ষেত্রে তা আরও বেশি (১০ শতাংশ)। প্রতি ১০০ জনের একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রস্তাব পেয়েছে, যা পুরোনো রোহিঙ্গাদের ক্ষেত্রে ২ শতাংশ। স্থানীয়রাও একই সমস্যায় আছে।

গত বছরের ২৫ আগস্টের পরে এবং এর আগে সব মিলিয়ে বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। তাই কক্সবাজারের সব শরণার্থী এলাকায় জোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতের সুপারিশ করা হয় রিভার প্রতিবেদনে। বলা হয়, খাদ্য বিতরণ কেন্দ্রগুলো, খুচরা দোকানগুলোতে, কাপড়চোপড় ধোয়ার জায়গাগুলোতে নিরাপত্তা বাড়াতে হবে। সেখানে স্বাস্থ্যসুবিধা উন্নত করার পাশাপাশি রান্নার কাঠখড় জোগাড়ে বিকল্প ব্যবস্থা করতে হবে।

জরিপে কক্সবাজারের ২ হাজার ৪৬টি পরিবারের তথ্য নেওয়া হয়। স্থানীয় ৪৩২টি পরিবার থেকেও তথ্য নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আসা রোহিঙ্গা ও স্থানীয় লোকজনের ৬ শতাংশ এবং পুরোনো রোহিঙ্গাদের ৪ শতাংশ হয়রানির শিকার হচ্ছে। সহিংসতা ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে নতুন রোহিঙ্গাদের ৫ শতাংশ এবং পুরোনো রোহিঙ্গাদের ৩ শতাংশ। স্থানীয় ২ শতাংশও একই সমস্যায় আছে।

রোহিঙ্গারা খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে

নতুন আসা রোহিঙ্গাদের ৫৮ দশমিক ২ শতাংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে খাদ্যনিরাপত্তাহীনতায় আছে বলে রিভার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে যেসব রোহিঙ্গা আগস্টের আগে বাংলাদেশে এসেছে, তাদের অবস্থা অন্যদের চেয়ে কিছুটা ভালো। খাদ্যনিরাপত্তায় ২৩ দশমিক ২ শতাংশ রোহিঙ্গা ঝুঁকিতে এবং ১৮ দশমিক ৬ শতাংশ অবশ্য কম ঝুঁকিতে আছেন। তবে কম ঝুঁকি অংশের খাদ্যনিরাপত্তা দ্রুত অবনতি ঘটতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে সেখানে খাদ্য সহায়তা এবং সাত লাখের বেশি রোহিঙ্গাকে ‘ফুড ভাউচার’ দেওয়া হচ্ছে।

রোহিঙ্গাদের ৮০ ভাগ উচ্চ মাত্রায় ও সম্পূর্ণরূপে জীবন বাঁচাতে সহযোগিতার ওপর নির্ভরশীল বলে রিভার প্রতিবেদনে বলা হয়। কম ঝুঁকিতে থাকা রোহিঙ্গারা স্বর্ণ-অলংকার-গয়না বিক্রি করে, টাকা ধার করে এবং জমানো অর্থ খরচ করে খাবার কিনছে। যখন তাদের এই টাকা শেষ হয়ে যাবে, তখন খাদ্যনিরাপত্তার পরিস্থিতি খুব দ্রুত অবনতি ঘটতে পারে।

শিশুপুষ্টি ও রোগ

কক্সবাজারের কুতুপালং, নয়াপাড়া শিবির ও নতুন গড়া অস্থায়ী শিবিরগুলোতে অক্টোবর ও নভেম্বরে পুষ্টি জরিপ চালানো হয়। তাতে দেখা যায়, সেখানকার ৫০ শতাংশ শিশু রক্তশূন্যতায় (অ্যানিমিয়া) ভুগছে। কুতুপালংয়ে ২৪ দশমিক ৩ শতাংশ শিশু, নয়াপাড়ায় ১৪ দশমিক ৩ শতাংশ শিশু বৈশ্বিক অপুষ্টির শিকার। এ ছাড়া ডায়রিয়া, খর্বাকৃতি সমস্যাও শিশুদের আছে। হাম রোগে ভুগছে কুতুপালংয়ে ৫৫ শতাংশ, নয়াপাড়ায় ৮৮ শতাংশ ও অস্থায়ী শিবিরগুলোর ৪৫ দশমিক ৩ শতাংশ রোহিঙ্গা শিশু।

কক্সবাজারে ইউনিসেফের পুষ্টিবিষয়ক কর্মকর্তা মো. জাহিদুল মনির প্রথম আলোকে বলেন, শিশু পুষ্টি ও রোগ নিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদনে যা এসেছে, রোহিঙ্গা শিবিরগুলোর পরিস্থিতি তেমনই খারাপ। সেখানে রোহিঙ্গা শিশুরা হাম, ডিফথেরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

মো. জাহিদুল মনির জানান, রোহিঙ্গা শিবিরগুলোতে মোটামুটি সবাই খাবার পাচ্ছে। তবে আমিষ, প্রোটিন, শাকসবজি, ফলমূল এসব খাদ্য সহায়তা দেওয়া যাচ্ছে না। অনেকে রেশনের চাল, ডাল, তেল বিক্রি করে অন্য দরকারি খাবার বা পণ্য কিনছে। কেউ কেউ জমানো টাকা খরচ করে নিজেরাই খাবার কিনছে।

রোহিঙ্গারা খাবার বিক্রি করছে

নতুন রোহিঙ্গারা খাদ্য সহায়তার ওপরে প্রচণ্ডভাবে নির্ভরশীল। স্থানীয় জনগোষ্ঠীদের অর্থ উপার্জনের মূল উপায় হচ্ছে কায়িক শ্রম। তাই নতুন রোহিঙ্গাদের কারণে সেখানে শ্রমের বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং শ্রমের মজুরির দাম কমেছে। ২ শতাংশ রোহিঙ্গা উল্লেখ করেছে, তাদের আয়ের প্রধান উৎস হচ্ছে বিদেশ থেকে আসা আর্থিক সাহায্য।

বিশ্ব খাদ্য কর্মসূচির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য সহায়তা পাওয়া নতুন রোহিঙ্গাদের ২ দশমিক ৯ শতাংশ তা বিক্রি করে দিচ্ছে। তাদের অর্থ উপার্জনের তিনটি উপায়ের এটি অন্যতম, তবে প্রধান উপায় নয়।

নতুন রোহিঙ্গাদের ১২ শতাংশ বলেছে, অন্যান্য চাহিদা পূরণে তারা রেশনের খাদ্য সহায়তার কিছু অংশ বেচে দেয়। এ টাকায় তারা মসলা, রান্নার লাকড়ি বা কাঠ কেনা, স্বাস্থ্য ও চিকিৎসার পেছনে খরচ করে। নতুন ও পুরোনো অনিবন্ধিত রোহিঙ্গাদের ১৪ শতাংশ বলেছে, তারা বিদেশ থেকে আসা আর্থিক সাহায্যে উপকার পায়।

খাদ্য সহায়তা নিয়ে পুষ্টি কর্মকর্তা মো. জাহিদুল মনির প্রথম আলোকে বলেন, অনেক দাতা সংস্থা এগিয়ে আসছে। কিন্তু এ সহযোগিতা আর রোহিঙ্গাদের জমানো টাকা দীর্ঘ মেয়াদে থাকবে না। এক বছর পরে তো এই খাদ্য সহায়তা না-ও থাকতে পারে। তাই খাদ্যনিরাপত্তার আশঙ্কা আছে।