রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে দল বেঁধে মিয়ানমারের মুসলিম নাগরিক রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে। পালিয়ে আসা রোহিঙ্গারা বলে, সেখানে (আরাকান রাজ্যে) খাদ্যের তীব্র সংকট চলছে। আয়রোজগারের জন্য কোনো কাজও পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ আগস্ট নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও উখিয়ার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নয়জন রোহিঙ্গাকে আটক করেন। তাঁরা হলেন, মংডু শহরের নাফপাড়া, বলিবাজার ও ঢেকুবনিয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম (৬৫), ইনুয়ারা বেগম (৩৫), তাঁর মেয়ে জয়নাব আক্তার (২), আনোয়ার আলম (১৬), হাছিনা বেগম (২০), লিয়াকত আলী (২১), মো. এমরান (১৮), মো. সোহেল (২৪) ও সৈয়দুল আমিন (২২)।ইনুয়ারা বেগম ও লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘দুই দিন ধরে তাঁরা না খেয়ে আছেন। সেখানে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ কিয়টে ( বাংলাদেশি ৪৫-৫০ টাকা)। সারা দিন কাজ করেও একজন পুরুষ এক হাজার কিয়ট আয় করতে পারে না। তা ছাড়া সেখানে তেমন কাজও নেই। কক্সবাজার সমুদ্রসৈকতে এক দিন চিংড়ি পোনা ধরলে ৫০০ থেকে তিন হাজার টাকা পাওয়া যায়। তাই বাংলাদেশে পালিয়ে আসছি।’ স্থানীয় তুমব্রু বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) কোম্পানি কমান্ডার সুবেদার দিল মোহামঞ্চদ বলেন, এর আগের তিন দিনও বিজিবি সদস্যরা অনুপ্রবেশের সময় আরও ৩০ রোহিঙ্গাকে আটক করেন।টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া বলেন, আটক রোহিঙ্গারা তাঁকে বলেছেন, আরাকানে আয়রোজগারের তেমন কাজকর্ম নেই। তার ওপর চলছে খাদ্যসংকট। ফলে কাজের সন্ধানে রোহিঙ্গারা দল বেঁধে বাংলাদেশে পালিয়ে আসছে। বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গত ৮ জুন মিয়ানমারে সংঘটিত জাতিগত দাঙ্গার পর থেকে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এরপর থেকে টেকনাফে অনুপ্রবেশের সময় প্রায় দুই হাজার রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, রোহিঙ্গারা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে পুরো সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের তৎপর রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে হলে স্থানীয় জনগণের সহযোগিতা দরকার।