রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিবউদ্দীন আহমদ। ফাইল ছবি
কাজী রকিবউদ্দীন আহমদ। ফাইল ছবি

রোহিঙ্গাসহ অন্য কোনো দেশের নাগরিক যাতে ভোটার হতে না পারে, এ জন্য কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের নাম কাটা, মৃত্যু নিবন্ধন হালনাগাদ করা, যাচাই-বাছাই করে জন্ম নিবন্ধন সনদ প্রদান এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সহায়তা প্রদান বিষয়ে সভাটির আয়োজন করা হয়।
সিইসি বলেন, ‘দেশের বৈধ নাগরিক ছাড়া অন্য দেশের কেউ যাতে ভোটার হতে না পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখতে বলেছি। দেশের নাগরিক না হলে তাদের অন্তর্ভুক্ত করা হবে না। পার্বত্য চট্টগ্রামসহ কয়েকটি জায়গায় বিশেষ কমিটি করা হয়েছে।’ তিনি বলেন, ভোটার তালিকা তৈরির পর ২০১৬ সালের ২ জানুয়ারি থেকে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন কার্যালয়েও তা টানিয়ে দেওয়া হবে। যাতে কারও বিরুদ্ধে আপত্তি থাকলে চিহ্নিত করা যায়। এরপর যাচাই-বাছাই হবে।
সিইসি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা, মৃত ভোটারদের নাম কাটাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান এবং চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, দুটি বিশেষ কারণে চট্টগ্রামে মতবিনিময় সভা করেছি। প্রথমটি হচ্ছে, নারী ভোটারদের অধিক হারে নিবন্ধনের ব্যাপারে সহযোগিতা চাওয়া। দ্বিতীয়টি, মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। চট্টগ্রামের মেয়র ও তাঁর কর্মীবাহিনী এ কাজে সর্বাত্মক সহযোগিতা করতে সম্মত হয়েছেন। তিনি বলেন, জরুরি ভিত্তিতে মাস খানেকের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহে তারা সচেষ্ট হবেন, আজই তাঁরা সভায় বসে কীভাবে সহযোগিতা করা যায়, তা নির্ধারণ করবেন বলে জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ভোটার মারা গেলে তালিকা থেকে নাম বাদ দেওয়াটা চলমান প্রক্রিয়া। তবে যে হারে মারা যায়, সে হারে সংশোধন হয় না। হালনাগাদ কার্যক্রমে বাদপড়াদের জন্য নির্বাচন কমিশনের দুয়ার খোলা। এটি চলমান প্রক্রিয়া। হালনাগাদের পরও ভোটার হতে পারবেন নাগরিকেরা। আর ভুল-ত্রুটি সংশোধনও একইভাবে চলমান প্রক্রিয়া। স্মার্টকার্ড ব্যয়বহুল। তাই ভুলত্রুটিমুক্ত করতে চাই।

দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে কাজী রকিব বলেন, আইন প্রণয়ন সংসদের বিষয়। সংবিধান ও আইন মোতাবেক কাজ করা আমাদের দায়িত্ব। যেসব পৌর করপোরেশনের নির্বাচনের সময় হয়েছে, তাদের নির্বাচন হবে। সবার একদিনে নয়। ডিসেম্বরে নির্বাচনের উদ্যোগ নিয়েছি। যেদিন তফসিল ঘোষণা করা হবে, সেদিন যে আইন থাকবে, তাতেই নির্বাচন হবে।