রোহিঙ্গাশুমারি শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারসহ ছয় জেলায় আজ শুক্রবার অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের তালিকা তৈরির (শুমারি) কাজ শুরু হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রোহিঙ্গাশুমারির জন্য ১১০ জন সুপারভাইজার ও ১ হাজার ৯০ জন গণনাকারী নিয়োগ করেছে।
পরিসংখ্যান ব্যুরোর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারিভাবে প্রথমবারের মতো দেশে এ রোহিঙ্গাশুমারি শুরু হচ্ছে। শুমারির জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল আটটা থেকে কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও পটুয়াখালীতে এ রোহিঙ্গাশুমারি শুরু হচ্ছে। তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের আটটি উপজেলাকে ৫০টি অঞ্চলে ভাগ করে সব খানার (পরিবার) তালিকা তৈরি করা হবে। এরপর রোহিঙ্গা খানা পৃথক করা হবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, বাংলাদেশে কতজন রোহিঙ্গা বসবাস করছে, তার হিসাব সরকারের কাছে নেই। জেলার টেকনাফ ও উখিয়ার দুটি শিবিরে তালিকাভুক্ত প্রায় ৩৩ হাজার রোহিঙ্গা শরণার্থী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে আরও কয়েক লাখ অনিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। তাই সরকার রোহিঙ্গাদের তথ্যভান্ডার তৈরির জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, শুমারিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সহায়তা নেওয়া হবে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, রোহিঙ্গাশুমারি নিয়ে পুলিশ সতর্ক আছে।