বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রোহিঙ্গা-সংকট নিয়ে সরকার সুবিধাবাদী ভূমিকা পালন করছে। তিনি সরকারকে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি কূটনৈতিক চাপ দিয়ে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার এক স্মরণসভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাইফুর রহমান স্মৃতি পরিষদ জাতীয় প্রেসক্লাবে ওই স্মরণসভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, তাঁরা মানবিক কারণে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন, তা অশনিসংকেত। তাঁদের মাথায় অন্য কোনো পরিকল্পনা কাজ করছে। তাঁরা নিজেরা নিজেরাই মারামারি করেন।
সাইফুর রহমানের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, তিনি অর্থমন্ত্রী থাকাকালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ ছাড়িয়েছিল। অথচ আওয়ামী লীগ এখন প্রবৃদ্ধি নিয়ে মিথ্যা বাগাড়ম্বর করে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার নয়। বিভিন্ন মুসলিম দেশ যেভাবে সোচ্চার হয়েছে বাংলাদেশ সরকার সেভাবে জোরালো অবস্থান নিচ্ছে না।