রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে বড়শিলা পাড়া ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে গতকাল সোমবার তারাছা ইউনিয়নের দুর্গম বড়শিলা পাড়া ভস্মীভূত হয়েছে। পাড়ার সর্বস্বহারা ৫৫টি মারমা পরিবারের নারী-শিশুসহ সবাই খোলা আকাশের নিচে খাবার ও পানি ছাড়া রয়েছে বলে মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) জানিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহীন পারভেজ বলেন, পাড়াটি দুর্গম এলাকায়, তাই দ্রুত সাহায্য পাঠানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। অসহায় পরিবারগুলোকে প্রয়োজনে রোয়াংছড়ি সদরে নিয়ে আসা হবে বলে তিনি জানান।রোয়াংছড়ি উপজেলা সদরের প্রায় ২০ কিলোমিটার দূরে ঘটনাস্থল থেকে একটি এনজিও সংস্থার মাঠ কর্মকর্তা ক্যসাইনু মারমা বলেন, গতকাল বেলা দেড়টার দিকে পাড়ার এক বৃদ্ধার বাড়ি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গতকাল রোয়াংছড়ি উপজেলা সদর বাজারের হাটের দিন থাকায় পাড়ার অধিকাংশ নারী-পুরুষ বাজারে গিয়েছিলেন। আবার যাঁরা বাজারে যাননি, তাঁরাও জুম কাটার জন্য পাড়ার বাইরে ছিলেন। পাড়ায় শুধু শিশু ও বৃদ্ধরা থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি।হেডম্যান শৈসা অং মারমা বলেছেন, সাঙ্গু নদী-তীরবর্তী পাড়াটি প্রায় তিন ঘণ্টা ধরে পুড়ছিল। পাড়ার ৫৯টি পরিবারের মধ্যে মাত্র চারটি পরিবার রক্ষা পেয়েছে। সর্বস্বহারা অবস্থায় নারী-শিশু, বৃদ্ধ-বৃদ্ধা সবাই শুধু পরনের কাপড় নিয়ে নদীর তীরে রয়েছেন। পার্শ্ববর্তী পাড়া দূরে হওয়ায় সেখান থেকেও খাবার সংগ্রহ করা কঠিন বলে হেডম্যান জানিয়েছেন।ইউএনও বলেছেন, তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী কিছু শুকনো খাবার নিয়ে অগ্নিদুর্গত বড়শিলা পাড়ায় গিয়েছেন।