রোয়াংছড়িতে অবাধে প্রাকৃতিক পাথর উত্তোলন, প্রশাসন নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ঘেরাও এলাকায় পাহাড়ি ঝরনা থেকে অবাধে প্রাকৃতিক পাথর উত্তোলন করা হচ্ছে। ঘেরাও মৌজার হেডম্যানসহ (মৌজা-প্রধান) একটি মহল দীর্ঘদিন ধরে এ কাজ করলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ঘেরাও মৌজার হেডম্যান শৈসা অং মারমা অনুমতিপত্র নিয়ে পাথর উত্তোলন ও পরিবহনের দাবি করেন। তবে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন পারভেজ বলেছেন, অনুমতিপত্র রয়েছে দাবি করলেও কীভাবে এবং এ পর্যন্ত কত পরিমাণ পাথর উত্তোলন হয়েছে, তা তাঁদের জানা নেই। রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে ঘেরাওমুখ ও ভিতরপাড়া এলাকায় পাথরের স্তূপ এবং ক্রাসিং মেশিনে পাথর ভাঙার দৃশ্য দেখা গেছে। ঘেরাওমুখ ও ভিতরপাড়ার পদাংঝি এলাকায় ক্রাসিং মেশিনে কাজ করতে করতে সমীর দাশ ও মংনুচিং মারমা বলেছেন, প্রতিদিন গড়ে ৩০০ ফুট পাথর ভেঙে কঙ্করে পরিণত করেন। প্রায় পাঁচ মাস ধরে এ পর্যন্ত দুটি মেশিনে ৬৫-৭০ হাজার ফুট পাথর ভাঙা হয়েছে বলে তাঁরা জানান। ক্রাসিং মেশিনের মালিক আবুল কাশেম বলেছেন, প্রতি ফুট আট টাকা করে তিনি নিয়ে থাকেন। ক্রিনদেনক্ষ্যং ঝিড়িতে পাথরশ্রমিক ইউনুছ বলেছেন, পাহাড়ি ঝরনা খনন করে তাঁরা পাথর আহরণ করেন। পাথর তোলার পর ঝিড়ির তলদেশে বালু ছাড়া আর কিছু থাকে না। ঘেরাও মৌজার হেডম্যান শৈসা অং, রবিসেন তঞ্চঙ্গ্যা মুঠোফোনে পাথর পাচারের অভিযোগ অস্বীকার করে বলেছেন, আবুল বশরের নামে ১৫ হাজার ও শৈসা অং হেডম্যানের ২০ হাজার মোট ৩৫ হাজার ফুট পাথরের অনুমতিপত্র রয়েছে। তবে তাঁদের দাবি করা অনুমতিপত্রের অনুকূলে পাথর পরিবহনের সময় সরকারি কোনো কর্তৃপক্ষ পরিমাপ করে দেয়নি বলে তাঁরা জানান। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার বলেছেন, শৈসা অং হেডম্যান ও তাঁর অংশীদারদের জেলা প্রশাসকের অনুমতিপত্র রয়েছে। এ জন্য তাঁদের ব্যাপারে কোনো কিছু করা হয়নি। এতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন পারভেজ বলেছেন, পাথর উত্তোলন ও অনুমতিপত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনুমতিপত্র থাকলেও পাথর উত্তোলন, পরিবহন ও পরিমাপের সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। সেসব মেনে চলা হচ্ছে কি না, তা দেখা হবে।