বান্দরবানের রোয়াংছড়ি থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে বলে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জানিয়েছেন।
তবে জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক ক্য বা মং মারমা বলেছেন, যাঁকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন কৃষক।
রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, সকালে রোয়াংছড়ি উপজেলা সদরের পার্শ্ববর্তী ওয়াগই পাড়ায় সেনাবাহিনীর একটি দল যায়। পাড়ার একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তারা অনিল তঞ্চঙ্গ্যাকে (৩২) আটক করে। অনিল তঞ্চঙ্গ্যার স্ত্রী ভাগ্যলতা তঞ্চঙ্গ্যা জানান, তাঁর স্বামী একজন নিরীহ কৃষক। তাঁর বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। আটক করার সময় কোনো কারণ জানানো হয়নি।
রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা (এমও) সুমন চৌধুরী বলেন, ভাগ্যলতা তঞ্চঙ্গ্যা শ্বাসকষ্টজনিত রোগে মাঝেমধ্যে হাসপাতালে আসেন। গতকালও এসেছিলেন। অক্সিজেন দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান বলেন, গ্রেপ্তার অনিল তঞ্চঙ্গ্যা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে পুলিশে হস্তান্তর করা হবে।