রোয়াংছড়িতে জনসংহতি সমিতির কর্মীর মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়িতে জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী রেদাকসে মারমা (২২) হত্যার দায়ে গতকাল শনিবার সেনাবাহিনী ও পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রেদাকসে মারমার গুম করে ফেলা মৃতদেহও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারাছা ইউনিয়নে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বেতছড়া হেডম্যান পাড়া এলাকার জঙ্গলবেষ্টিত পাহাড়ে সেনাবাহিনী অভিযান চালায়।
বেতছড়ামুখ সেনাছাউনির অধিনায়ক জ্যেষ্ঠ ওয়ারেন্ট কর্মকর্তা সুভাষ চন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাড়ার পাশে একটি পাহাড়ে পলাতক অবস্থায় পুলুমং মারমা ও ক্যহ্লাচিং মারমাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। পরে পুলিশ ক্যহ্লাপ্রু নামে আরেক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে।
সেনা কর্মকর্তারা বলেছেন, প্রথমে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা হত্যা ও মৃতদেহ গুম করার কথা স্বীকার করেন। তাঁরা মৃতদেহ যেখানে গুম করা হয়েছিল, সেটা দেখিয়ে দিয়েছেন এবং সেখান থেকে মাটি খনন করে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কমকর্তা বিল্লাল হোসেন বলেছেন, পূর্বশত্রুতার জের ধরে রেদাকসে মারমাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেলেও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য জানা যাবে। মামলায় নাম উল্লেখ করা পাঁচজনের মধ্যে গ্রেপ্তারকৃত তিনজনের নাম রয়েছে বলে তিনি জানিয়েছেন।