রোয়াংছড়িতে পাড়া প্রধানের স্ত্রীকে গুলি করে হত্যা
বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম পাহাড়ে গতকাল সোমবার দৃর্বৃত্তরা এক কার্বারির (পাড়াপ্রধান) স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দয়া কুমার তঞ্চঙ্গ্যাপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত পাড়ায় এসে দয়া কুমার কার্বারিকে খুঁজতে থাকে। তিনি বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা তাঁর স্ত্রী কুটিয়া তঞ্চঙ্গ্যাকে (৬২) গুলি করে।দয়া কুমার কার্বারির ছেলে সুনীল তঞ্চঙ্গ্যা মুঠোফোনে প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা তাঁর মায়ের পেটে গুলি চালায়। তাঁরা তাৎক্ষণিকভাবে তাঁকে লুংলাই পাড়া সেনাবাহিনীর ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, দয়া কুমার তঞ্চঙ্গ্যাপাড়া অত্যন্ত দুর্গম এলাকা। স্থানীয় কিছু দুর্বৃত্ত ওই এলাকায় বেশ কিছুদিন ধরে চাঁদাবাজি করে আসছে। ওই দুর্বৃত্তরা কয়েক মাস আগে দয়া কুমার কার্বারির কাছেও চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে রাজি হননি। দুর্বৃত্তরা গতকাল তাঁকে খুঁজতে এসে না পেয়ে তাঁর স্ত্রীকে গুলি করে।রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় এখনো লাশ নিয়ে আসা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের পর হত্যা মামলা করা হবে।