রোয়াংছড়িতে বিএনপির নেতাকে পেটানোর অভিযোগ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ছাত্রলীগের সাবেক দুই নেতা গত শুক্রবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে লাঠিপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষই মাতাল ছিল বলে জানা গেছে। আহত অবস্থায় মাওসেতুংকে গতকাল শনিবার ভোরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে রাঙামাটি থেকে আসা কয়েকজন অতিথি নিয়ে মাওসেতুং জেলা পরিষদের বিশ্রামাগারের ভিআইপি কক্ষে ওঠেন। অতিথিরাসহ তিনি সেখানে মদ্যপান করে আনন্দ-উল্লাস করছিলেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনন্দ সেন তঞ্চঙ্গ্যা ও সাবেক সাধারণ সম্পাদক শৈক্যমং মারমা মাতাল অবস্থায় সেখানে আসেন। ভিআইপি কক্ষ ভাড়া নেওয়া নিয়ে মাওসেতুংয়ের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা তাঁকে লাঠিপেটা করেন।বিশ্রামাগার-সংলগ্ন এলাকার একজন বাসিন্দা বলেন, গভীর রাতে চিত্কার শুনে তিনি লোকজন নিয়ে সেখানে যান। তখনো আনন্দ ও শৈক্যমং মাওসেতুংকে মারধর করছিলেন। পরে লোকজন দেখে তাঁরা পালিয়ে যান। মাওসেতুং সেখানে বন্ধুবান্ধব নিয়ে মদ্যপান করার কথা অস্বীকার করেন।রোয়াংছড়ি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, মাওসেতুং মদ খেয়ে বিশ্রামাগারে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এ সময় ছাত্রলীগের সাবেক দুই নেতা তাঁকে বাধা দেন। তাঁকে মারধর করা হয়নি। ছাত্রলীগের নেতারা মদ্যপান করেননি বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সরকারি বিশ্রামাগারে মদ খেয়ে দুই পক্ষের মারামারি করার বিষয়টি খুবই লজ্জার।