রোয়াংছড়িতে শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তালা, মানববন্ধন
শিক্ষকের দাবিতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পরে তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার একমাত্র ওই মাধ্যমিক বিদ্যালয়টিতে চার বছর ধরে শিক্ষকসংকট চলছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সবুর বলেন, বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র চারজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ে কোনো কর্মচারী না থাকায় প্রধান শিক্ষককেই দাপ্তরিক কাজ করতে হয়। ফলে, বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।গতকাল সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়। সেখান থেকে তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা কয়েক দিনের মধ্যে শিক্ষক দেওয়া না হলে সড়ক ও উপজেলা পরিষদ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন।রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল বিশ্বাস বলেন, শিক্ষকসংকটের ব্যাপারে অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আজিজ উদ্দিন রোয়াংছড়ি বিদ্যালয়ে শিক্ষকসংকটের কথা স্বীকার করে বলেন, মাত্র চারজন শিক্ষক নিয়ে বিদ্যালয় চলে না। এ ব্যাপারে তিনি আগামী ২ অক্টোবর স্থানীয় লোকজনের সঙ্গে বৈঠক করবেন। ১২ অক্টোবরের পর থেকে রেশনিং পদ্ধতিতে ওই বিদ্যালয়ে শিক্ষক দেওয়ার চেষ্টা করবেন।