রোয়াংছড়ির তালুকদার পাড়ায় আতঙ্ক কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার আশঙ্কায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় প্রায় এক সপ্তাহ ধরে আতঙ্ক বিরাজ করছে। হামলার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে পাড়ার ১০-১২টি পরিবার। চাঁদাবাজ এক সন্ত্রাসীকে পাড়াবাসী পিটুনি দেওয়ার পর তার সহযোগীরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন তালুকদার পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) মংপু মারমা।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথোয়াইসিং মারমা বলেন, ৫ জুলাই পাড়াবাসী চাঁদাবাজ দলের এক সশস্ত্র সদস্যকে পিটুনি দিয়ে আটক করেন। এ ঘটনার পর চাঁদাবাজ দলের সন্ত্রাসী আক্রমণের আশঙ্কায় পাড়ার ১০-১২টি পরিবার জেলা শহরের আবাসিক হোটেলসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে।
এ ঘটনা প্রতিবাদে পাড়াবাসী বান্দরবান শহরে মানববন্ধন করেন। সেখানে আওয়ামী লীগের নেতারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করেন। তবে জেএসএস দাবি করেছে, তাদের নেতা-কর্মীদের ফাঁসানোর জন্য এ অভিযোগ করা হয়েছে।
গত সোমবার তালুকদার পাড়ায় গিয়ে দেখা যায়, ৮০টি পরিবারের মধ্যে ১০-১২টি পাড়া ছেড়ে গেছে। অন্য বাসিন্দারাও আতঙ্ক নিয়ে বসবাস করছেন। প্রকাশ্যে কেউ কিছু বলতে চাননি।
বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমান সোমবার তালুকদার পাড়া পরিদর্শন করেন। তাঁরা পাড়াবাসীর সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেন। একই সঙ্গে পাড়া ছেড়ে যাওয়া লোকজনকে বাড়ি ফিরে আসতে বলেন। পাড়ার নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তাঁরা।
তারাছা ইউনিয়ন পরিষদের সদস্য উচিমং মারমা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মংগিহ্লা মারমা বলেন, গত শুক্রবার থেকে পাড়ায় সেনাবাহিনী অবস্থান করছে। নিরাপত্তা জোরদার করা হলেও চাঁদাবাজেরা বিভিন্ন উপায়ে পাড়ার মানুষকে হুমকি দিচ্ছে। এ কারণে ঘরবাড়ি ছেড়ে যাওয়া ১০-১২টি পরিবার ফিরতে সাহস পাচ্ছে না।
কার্বারি মংপু মারমা ও তারাছা ইউপির চেয়ারম্যান উথোয়াইসিং বলেন, পাড়ায় আওয়ামী লীগ ও জেএসএস—দুই পক্ষই সক্রিয়। শান্তি রক্ষায় দুই পক্ষে বোঝাপড়া প্রয়োজন। না হলে পাড়াবাসীর মধ্যে আতঙ্ক কাটবে না। ইউপি নির্বাচনে জেএসএসের চেয়ারম্যান প্রার্থী উনুমংকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া দরকার বলে তাঁরা মন্তব্য করেন।