রৌমারী ও রাজিবপুরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্রবেষ্টিত কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনি) না থাকায় প্রসূতি মা ও নবজাতকেরা চিকিৎসা নিতে পারছে না। ফলে প্রসূতি ও নবজাতক মারা যাওয়ার সংখ্যা এই দুই উপজেলায় বেশি।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র চিকিৎসা কর্মকর্তা মোহামঞ্চদ আলী আশরাফ বলেন, এখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ না থাকায় সেবা দেওয়া যাচ্ছে না। রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজাহান কবির বলেন, ‘চিকিৎসকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি।’
কুড়িগ্রামের সিভিল সার্জন লোকমান হাকিম জানান, ব্রহ্মপুত্র দ্বারা বিচ্ছিন্ন উপজেলা দুটিতে জরুরি ভিত্তিতে গাইনি চিকিৎসক প্রয়োজন। ঊর্ধ্বতন মহলে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।
সিভিল সার্জনের কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা আখের আলী জানান, রৌমারী উপজেলায় ২০১২ সালে সন্তান প্রসবকালে ১১ জন মা এবং ১১৮টি নবজাতক মারা যায়। এই বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দুজন মা ও ৫৪টি শিশু মারা গেছে। আর রাজিবপুরে গত বছর দুই মা ও তিন শিশু এবং এ বছর দুই মা ও এক শিশু মারা গেছে।
রাজিবপুর উপজেলার কোদালকাটির চরের মর্জিনা বেগম বলেন, ‘আমার মেয়ে সারজিনা বেগমের (১৯) যে দিন প্রসবব্যথা ওঠে, দাইকে ডেকে নিয়ে আসি। তিনি শিশুর মাথা বের করেন। শরীর ভেতরে থেকে যায়। ব্যথায় মেয়ে চিৎকার করতে থাকে। এ সময় দাই অপারগতা প্রকাশ করেন। পরে নৌকায় রাজিবপুর হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার না থাকায় ময়মনসিংহ হাসপাতালে নিয়া সিজার করাই। মরা বাচ্চা অইছে।’
রৌমারীর টাপুর চরের দিনমজুর জাহাঙ্গীর আলমের স্ত্রী আফরোজা বেগম (২৫) বলেন, ‘পেটে বাচ্চা এলে বাড়ি থেকে বের হওয়া নিষেধ করে দেওয়া হয়। গ্রামে কবিরাজ দেখাই। মাঝে মাঝে কষ্ট হলে তাবিজ দেয়। শেষে বাপের বাড়িতে এসে রৌমারী হাসপাতালে আসি। সেখানে মরা বাচ্চা হয়।’
উপজেলার জাদুরচর দীর্ঘলাপাড়া গ্রামের নাজমা বেগমের (২০) অতিরিক্ত রক্তক্ষরণে বাচ্চা মারা যায়।
রাজিবপুর হাসপাতালের আয়া মরিয়ম বলেন, ‘এখানে গাইনি চিকিৎসক না থাকায় সাধারণ ডেলিভারি নিজেই করি।’
সিনিয়র স্টাফ নার্স রিমা পারভেজ বলেন, মেয়েরা গর্ভবতী হওয়ার পর সাধারণত দুর্বলতা বোধ করে, হাত-পা ফুলে যায়, রক্তশূন্যতা দেখা দেয়, ঘন ঘন প্রস্রাব হয়, ওজন কমে যায়, সাদাস্রাব, বমিসহ নানা সমস্যা দেখা দেয়। এ সময় সেবা ও চিকিৎসা জরুরি প্রয়োজন। কিন্তু এই অঞ্চলের মেয়েরা সেই সেবা অনেকটাই পান না। ফলে এই অঞ্চলে মা ও শিশু মারা যাচ্ছে।
রৌমারী কলেজপাড়ায় সূর্যের হাসি ক্লিনিকে গিয়ে দেখা যায়, সেখানে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছুটিতে যাওয়ার পর আর আসেননি। ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, দুই উপজেলায় কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই। এমনকি কোনো বেসরকারি ক্লিনিক নেই।
রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক ও রাজিবপুর উপজেলার চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, উপজেলা দুটির নয়টি ইউনিয়নই দুর্গম চরাঞ্চল। এলাকার মানুষ দরিদ্র। যোগাযোগ বলতে নৌকা ও হাঁটাপথ। গর্ভবর্তী মায়েরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসা নিতে এলে চিকিৎসক পান না। হাসপাতালে এলেই রোগীদের ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম কিংবা গাইবান্ধা পাঠিয়ে দেওয়া হয়। ফলে হাসপাতালে নিয়ে যেতেই রোগী ও বাচ্চা মারা যায়।