রৌমারী সীমান্তে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গতকাল রোববার বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। রৌমারী বাংলাবাজার সীমান্ত ফাঁড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।বিজিবি সূত্র জানায়, সমপ্রতি বিভিন্ন সীমান্তের ঘটনাকে কেন্দ্র করে ও সীমান্তে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিজিবির ৬ নম্বর জামালপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের ১৬২ পানবাড়ি ব্যাটালিয়নকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। বিএসএফ তাদের প্রস্তাবে সাড়া দেয়। গতকাল সীমান্তের ১০৬৫ আন্তর্জাতিক পিলার থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার বিওপিতে এ বৈঠক হয়। দুপুর ১২টায় বিজিবির জামালপুর-৬ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নাহিদসহ একদল বিজিবি সদস্য সীমান্তে তাঁদের অভ্যর্থনা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে ১১ সদস্যের বিএসএফ দলটি বাংলাবাজার বিওপিতে প্রবেশ করলে তাঁদের গার্ড অব অনার দেওয়া হয়। পরে তাঁরা ওই বৈঠকে বসেন। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম ও বিএসএফের পক্ষে পানবাড়ি সেক্টরের ডিআইজি মোহন লাল।বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামালপুর-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল খবির সরকার, নেত্রকোনা-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদ, ময়মনসিংহ-২৭ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল হিলা হান মং, মেজর খন্দকার আবু হোরায়রা, মেজর নাজমুলসহ ১৭ জন এবং বিএসএফের ১৬২ ব্যাটালিয়ন কমান্ডার এলএস গ্রিল, মেজর মোহন লাল সিং, মেজর সান্থিল কুমারসহ ১১ জন।