রৌমারী সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তবর্তী ধরনী নদীতে মাছ ধরা নিয়ে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তঘেঁষা নদীতে মাছ ধরতে এবং নো-ম্যান্স ল্যান্ডে না যাওয়ার নির্দেশ দিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় মাইকিং করা হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রৌমারীর সীমান্তঘেঁষা বড়াইবাড়ী ছিটমহলের বাসিন্দা ইউনূস আলী (৪৫) গতকাল সকালে তাঁর মেয়ে রিতাকে (১১) নিয়ে ধরনী নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তাঁরা ১০৬৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় ভারতের কাকরীপাড়া বিএসএফ ক্যাম্পের এক সদস্য রিতাকে আটক করেন। পরে ইউনূস তাঁর হাতে থাকা মাছ ধরার টেঁটা দিয়ে বিএসএফ সদস্যকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে আনেন। এতে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তাঁরা বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পে চিঠি পাঠিয়ে জানিয়ে দেন, সীমান্তঘেঁষা নদীতে মাছ ধরলে কিংবা নো-ম্যান্স ল্যান্ডে বাংলাদেশিদের দেখামাত্র গুলি করা হবে। এর পরিপ্রেক্ষিতে বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেনের নির্দেশে এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হয়। স্থানীয় বারবান্ধা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বলেন, সীমান্তঘেঁষা বড়াইবাড়ী, বারবান্ধা, জাউবাড়ী ও চুলিয়ার গ্রামের লোকজনকে সীমান্তে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি সীমান্তঘেঁষা বাংলাদেশি ভূখণ্ডে কাজ করতে গেলেও বিজিবি জোয়ানদের অবগত করতে হবে বলে তিনি জানান।জানতে চাইলে বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, বিএসএফের চিঠির পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী বাংলাদেশিদের সর্তক করে দেওয়া হয়েছে। তাছাড়া ভারতে বোমা হামলার ঘটনায় সীমান্তে কড়াকড়ি চলছে।