রৌমারী সীমান্তে বুনো হাতি আতঙ্কে ২০ গ্রামের মানুষ
ভারত থেকে বুনো হাতির একটি দল কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় ঢুকে পড়েছে। মাঝেমধ্যে এসব হাতি লোকালয়ের কাছে চলে আসছে। গত তিন দিনে হাতির তাণ্ডবে ২০-২৫ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। হাতি-আতঙ্কে রয়েছে উপজেলার ২০ গ্রামের মানুষ।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে রৌমারী সীমান্তের ১০৬৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের গারো পাহাড় থেকে ১৫টি বুনো হাতি বাংলাদেশে ঢোকে। এগুলো দিনে কাঁটাতারের নিকটবর্তী নো ম্যানস ল্যান্ডে অবস্থান করলেও রাতে বাংলাদেশের ভেতরে ঢুকে রৌমারী উপজেলার যাদুরচর, শৌলমারী ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরি করছে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, রাতে হাতি গ্রামের কাছাকাছি চলে আসছে। এ পর্যন্ত ধান, সরিষা, আখসহ অন্তত ২৫ বিঘা জমির ফসল তছনছ করেছে। তবে কেউ হতাহত হয়নি। রৌমারী সদর, যাদুরচর ও শৌলমারী ইউনিয়নের বড়াইবাড়ি, বারবান্দা, চুলিয়ারচর, খেয়ারচর, আলগারচরসহ ২০ গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তারা প্রতিদিন বিকেল থেকে রাতভর আগুন জ্বালিয়ে ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছে। দিনে এগুলো কাঁটাতারের বেড়াসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে চলে যাচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় হাতির দলটি শৌলমারী ইউনিয়নের গয়তাপাড়া এলাকায় অবস্থান করছিল বলে জানান তিনি।
দিনে হাতি দেখতে এলাকার লোকজন ভিড় করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন বন বিভাগের কর্মকর্তারা। উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন বলেন, ‘হাতির দলটিকে ভারতে ফেরত পাঠাতে বিভিন্ন উপায়ে চেষ্টা করছি। কিন্তু উৎসুক জনতার ভিড়ের কারণে তা সম্ভব হচ্ছে না। বন বিভাগের রংপুর রেঞ্জে হাতি তাড়ানোর প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন না থাকায় নিজেরাই চেষ্টা করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম বলেন, ‘বুনো হাতির দলটি যাতে জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য ওই এলাকায় পুলিশসহ চৌকিদার পাঠিয়েছি। তারা সার্বক্ষণিক টহল দিচ্ছে।’
জামালপুর ৩৫ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘হাতিগুলোকে উত্তেজিত না করার জন্য প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে জানিয়েছি। তবে তাদের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাইনি।’