রৌমারীতে চিকিৎসককে মারধর, কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে গত শুক্রবার রাতে মারধর করেছেন মো. শাহীন নামে স্থানীয় এক ব্যক্তি। শাহীন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা গতকাল শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। স্থানীয় সূত্র জানায়, শাহীন গত শুক্রবার রাত আটটার দিকে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক আবদুস ছামাদ তাঁকে চিকিৎসা দিয়ে ওষুধ কিনে আনতে বলে বাসায় চলে যান। আধা ঘণ্টা পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেতু সরকার ও সহসভাপতি সাইদ বাদশা ওই চিকিৎসকের বাসায় গিয়ে রোগীর অবস্থা খারাপ বলে তাঁকে হাসপাতালে ডেকে নেন। তিনি হাসপাতালে পৌঁছালে তাঁকে কিল-ঘুষি মারতে শুরু করেন শাহীন। এ সময় অন্য রোগীরা চিকিৎসককে উদ্ধার করে বাইরে নিয়ে যান।ঘটনা জানার পর রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শওকত আলম মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন ওই চিকিৎসকের সঙ্গে কথা বলেন।চিকিৎসক আবদুস সামাদ অভিযোগ করেন, ‘বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলায় ক্ষুব্ধ হয়ে শাহীন আমাকে মারধর করেন।’ শাহীন অভিযোগ করেন, ‘ডাক্তার আমাকে ভুল চিকিৎসা দিয়েছেন। এ ছাড়া হাই পাওয়ারের ওষুধ দেওয়ায় আমার মাথা ঠিক ছিল না।’ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীরুল ইসলাম বলেন, ‘তাঁর (শাহীন) শরীরে খুব জ্বর ছিল। এ জন্য হয়তো এ ঘটনা ঘটেছে।’ওসি কফিল উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে চিকিৎসক আবদুস সামাদ গতকাল শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’