রৌমারীতে বখাটেদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে বখাটেরা হামলা করে এক শিক্ষার্থীর মা-বাবাকে গুরুতর জখমের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাত দিনের মধ্যে বখাটেদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষক আবদুর রাজ্জাক, আবদুস সালাম, নুরুন্নবী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বাসদের নেতা মহির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, রৌমারী উপজেলার গোয়াল গ্রামের দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়ার পথে চার বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী ওই বখাটেদের ধরে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে গোয়াল গ্রামে ভুক্তভোগী দুই শিক্ষার্থীর মধে৵ একজনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর মা-বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। শিক্ষার্থীর মা আহত হোসনে আরা বেগম ফুলবাড়ী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। গুরুতর আহত দুজন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর ভাই বাদী হয়ে উপজেলার ইছাকুরি গ্রামের লুৎফর রহমান (১৮), রবিউল ইসলাম (১৭), বিপ্লব মিয়া (১৮), মাসুদ রানা (১৭) নামের চারজনসহ আজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি।
এ প্রসঙ্গে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহানী পিপিএম বলেন, গতকাল মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।