রৌমারীতে ভারতীয় হাতি আতঙ্কে গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবার ভারতীয় হাতির দলের হানা শুরু হয়েছে। আতঙ্কে সীমান্তবর্তী গ্রামের মানুষ। গত শনিবার এসব গ্রামে দলটি নেমে এসে পাকা ধানখেত নষ্ট করে।

এলাকাবাসী ও বন বিভাগ জানায়, গত শনিবার বিকেলে রৌমারী উপজেলার যাদুরচর, শৌলমারী ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে ১৫টি বন্য হাতি প্রবেশ করে। দলটি সীমান্তবর্তী এলাকায় পাকা ধানখেত তছনছ করে। সকালে এলাকার মানুষ হাতি দেখে আতঙ্কিত হয়ে পরে। তারা ফসল ও ঘরবাড়িসহ জানমালের ক্ষতির আশঙ্কায় বিকেল থেকে রাতভর আগুন জ্বালিয়ে ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না।
এলাকাবাসী আরও জানান, হাতির দলটি সুযোগ বুঝে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে রাতভর ধান, সরিষা, কলাইসহ চরাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষতিসাধন করে সকালে কাঁটাতারের বেড়াসংলগ্ন নো-ম্যানসল্যান্ডে চলে যাচ্ছে। এ অবস্থায় হাতি দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছে। উপজেলা বন বিভাগের কর্মকর্তাসহ পুলিশ প্রশাসন স্থানীয় লোকজনের সহায়তায় বিভিন্ন কৌশলে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। বিজিবির পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে অবহিত করা হলেও তারাও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হাতির দলটি শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামের সীমান্তে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে অবস্থান করছে।
বিজিবি জানায়, রৌমারী সীমান্তের ১০৬৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের গারো পাহাড় থেকে ১৫টি বন্য হাতির একটি দল বাংলাদেশে প্রবেশ করে। হাতিগুলো দিনের বেলা কাঁটাতারের নিকটবর্তী নো-ম্যানসল্যান্ডে অবস্থান করলেও রাতের বেলা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্তবর্তী জমির ফসলের ক্ষতিসাধন করছে। এ অবস্থায় রৌমারী সদর, যাদুরচর ও শৌলমারী ইউনিয়নের বড়াইবাড়ি, বারবান্দা, চুলিয়ারচর, খেয়ারচর ও আলগারজরসহ ২০ গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে।
রৌমারী সীমান্তবর্তী এলাকার লাল মিয়া ডাক্তার বলেন, ‘বন্য হাতির এ দলটি দেখতে বর্তমানে হাজার হাজার মানুষ ভিড় করছে। যেকোনো সময় হাতিগুলো রেগে গেলে দুর্ঘটনা ঘটাতে পারে। হাতিগুলোকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠাতে আমরা বন বিভাগসহ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এর আগেও দুইবার হাতি প্রবেশ করে ফসল ও বাড়িঘর তছনছ করে।’
এ ঘটনায় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘আমরা হাতির দলটিকে ভারতের পাহাড়ে ফেরত পাঠাতে বিভিন্ন রকমের চেষ্টা করছি। কিন্তু উৎসুক জনতার ভিড়ের কারণে তা সম্ভব হচ্ছে না। তা ছাড়া বন বিভাগ রংপুর রেঞ্জে হাতি তাড়ানোর প্রশিক্ষণপ্রাপ্ত কোনো লোকজন না থাকায় নিজেরাই চেষ্টা করছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম সাজেদুল ইসলাম বলেন, ‘ভারতীয় বন্য হাতির দলটি যাতে করে জানমালের ক্ষতি করতে না পারে, এ জন্য আমরা ওই এলাকায় পুলিশসহ চৌকিদার পাঠিয়েছি। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।’