রৌমারীতে ভূমি কর্মচারীকে পেটালেন সাংসদ
কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ মো. জাকির হোসেন রৌমারী ভূমি কার্যালয়ে এক কর্মচারীকে মারধর করেছেন। ওই কর্মচারীর নাম মোশারফ হোসেন। তিনি ওই কার্যালয়ের নাজির হিসেবে কর্মরত।মোশারফ হোসেন অভিযোগ করেন, সাংসদ জাকির হোসেন তাঁর স্ত্রী সুরাইয়া সুলতানা বেগমের নামে ১৩ শতক জমির নামজারি করতে বলেন। ওই জমি সুরাইয়া সুলতানা তাঁর নানির কাছ থেকে কিনেছেন। কিন্তু ওই জমির মালিকানা নিয়ে উপজেলার জন্দির কান্দা গ্রামের মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি ২০০২ সালে একটি মামলা করেন এবং মামলায় জেতেন। ফলে সুরাইয়া সুলতানার নামে ওই জমির নামজারি করা সম্ভব নয়। বিষয়টি সাংসদের শ্যালক মঞ্জুরুল ইসলামকে গত মঙ্গলবার জানানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সাংসদ জাকির হোসেন বাড়িতে এসে জানতে পারেন জমির নাম জারি হয়নি। এ কথা শুনে গতকাল সকালে লোকজন নিয়ে তিনি ভূমি কার্যালয়ে গিয়ে মোশারফকে খুঁজতে থাকেন। মোশাররফ জানান, এ সময় সামনে পেয়ে সাংসদ তাঁর শার্টের কলার ধরে কিল, ঘুষি ও লাথি মারেন। এ সময় উপস্থিত লোকজন তাঁকে সরিয়ে নেন। সাংসদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘ওই কর্মচারী নানা অপকর্ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। টাকা ছাড়া কোনো জমির খারিজ বা নামজারি করে না। এরকম অসংখ্য অভিযোগ আমার কাছে রয়েছে। তা ছাড়া আমার সম্পর্কে কটূক্তি করায় আমি রাগের বশে একটা থাপ্পড় মেরেছি।’