রৌমারীতে লটারিতে ধান ক্রয়
কুড়িগ্রামের রৌমারীতে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন তালুকদার।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল হক বলেন, সরকারিভাবে যে পরিমাণ ধান কেনা হবে, তার চেয়ে কৃষকের সংখ্যা অনেক বেশি হওয়ায় লটারি করা হয়েছে। প্রকৃত কৃষকদের তালিকা করে লটারির মাধ্যমে চূড়ান্ত তালিকা করা হয়েছে। লটারিতে যেসব কৃষকের নাম উঠছে, তাঁরাই খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারবেন।
কৃষি কর্মকর্তা বলেন, সাড়ে ৩ হাজার কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ হাজার ৪৩৮ জন কৃষককে চূড়ান্ত করা হয়েছে। বাছাই করা কৃষকদের তালিকা উপজেলা ক্রয় কমিটির অনুমোদনের পর দেয়ালে টাঙিয়ে দেওয়া হবে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করে জানানো হবে। একজন কৃষক সর্বোচ্চ ১ টন ধান গুদামে বিক্রি করতে পারবেন।
আজিজুল হক বলেন, গম কেনার ক্ষেত্রে বিশৃঙ্খলা হয়েছিল। কিন্তু ধান প্রকৃত কৃষকদের কাছ থেকেই নেওয়া হবে। যেকোনো অনিয়ম ঠেকাতে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের বাছাই করা হয়েছে।
গতকাল উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যের মধ্যে রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ফিরোজ আহমেদ ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
খাদ্যনিয়ন্ত্রক ফিরোজ আহমেদ বলেন, এবার রৌমারীতে ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩৮ টন। প্রতি কেজি ২৩ টাকা হারে প্রতি মণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৯২০ টাকা। একজন কৃষক সর্বোচ্চ ১ টন ধান গুদামে দিতে পারবেন। ১ জুন থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন তালুকদার প্রথম আলোকে বলেন, ধান কেনায় কোনো অনিয়ম হবে না। প্রভাবশালীদের কোনো আবদারও রাখা হবে না। প্রকৃত কৃষকেরা যাতে ধান দিতে পারেন, সে জন্য লটারির মাধ্যমে তালিকা চূড়ান্ত করা হয়েছে।