রৌমারীর তিন ইউপিতে নির্বাচন সম্পন্ন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবের ও চরশৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আট বছর পর নির্বাচন হওয়ায় ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপজেলা নির্বাচন কার্যালয় কর্মকর্তারা বলেন, সর্বশেষ ২০০৩ সালে বন্দবের ও দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ওই বছরেই দুটি ইউনিয়নের কিছু অংশ নিয়ে চরশৌলমারী নামে একটি নতুন ইউনিয়ন গঠিত হয়। সীমানা নির্ধারণ-সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলায় এই দীর্ঘ সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৫৬২ জন। এর মধ্যে ৩১ হাজার ৬৫ জন মহিলা ও ২৯ হাজার ৪৯৭ জন পুরুষ ভোটার। রৌমারী উপজেলার ওই তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ২৪০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ৫৩ জন ও সাধারণ সদস্যপদে ১৪৭ জন প্রার্থী ছিলেন। গতকাল বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
উপজেলা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল হান্নান বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচনে মোট ২৭টি কেন্দ্রে ১৭৫টি বুথ ছিল। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপির সদস্য মোতায়েন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শংকর কুমার বিশ্বাস জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন ২৯৭ পুলিশ, দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব ও ৪৫৯ জন আনসার-ভিডিপির সদস্য।