র্যা ব দপ্তরে 'বোমা হামলার হুমকি'র ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহর থেকে এক যুবককে আটকের পর গত রোববার রাতে পুলিশে সোপর্দ করেছে র্যা ব। ওই যুবকের নাম শরীফুল ইসলাম চৌধুরী।
র্যা বের ভাষ্যমতে, শরীফুল র্যা বের সব দপ্তরে বোমা হামলার হুমকি দিয়ে খুদেবার্তা পাঠিয়েছিলেন। এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হয়েছে।
শরীফুলের বাড়ি সৈয়দপুর শহরের হাতিখানা মহল্লায়। তাঁকে গত শনিবার সন্ধ্যায় শহরের পাঁচমাথা মোড় থেকে র্যা ব পরিচয়ে ধরে নেওয়া হয়। এ ঘটনায় রাতেই সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর বোন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, শরীফুলের মুঠোফোন থেকে ৫ জুলাই র্যা বের সরকারি নম্বরে এসএমএস পাঠানো হয়। ওই বার্তায় র্যা বের সব দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই যুবককে হুমকিদাতা হিসেবে শনাক্ত করে র্যা ব। গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনিবার শরীফুলকে শহরের পাঁচমাথা মোড় থেকে আটক করা হয়।
পরে তাঁকে রংপুর র্যা ব কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর রোববার রাতে সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে র্যা ব বাদী হয়ে মামলা করেছে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, শরীফুল জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কি না খতিয়ে দেখা হচ্ছে।