র‍্যাবের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ২ র‍্যাব সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস সড়কে বাসের চাপায় চুরমার হয়ে যাওয়া মোটরসাইকেল। গতকাল দুপুরে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলটির চালক আবদুল আজিজ l ছবি: প্রথম আলো
রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস সড়কে বাসের চাপায় চুরমার হয়ে যাওয়া মোটরসাইকেল। গতকাল দুপুরে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলটির চালক আবদুল আজিজ l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সার্জেন্টসহ র‍্যাবের দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন র‍্যাবের আরও ছয় সদস্য।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটির চালক ও তাঁর সহকারী আহত হন। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।
একই দিন ঝিনাইদহ শহরে মোটরসাইকেলের ধাক্কায় আনসারের এক প্লাটুন কমান্ডার, রাজশাহীতে বাস ও ট্রলির চাপায় দুজন, নাটোরের সিংড়ায় পিকআপ ভ্যানের চাপায় একজন, লালপুরে ট্রাকের চাপায় এক শিশু, চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী, যশোরে বাস-নসিমন সংঘর্ষে দুজন এবং ঢাকায় বাস চাপায় এক নারী  নিহত হয়েছেন। ঢাকা ও ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:  
নারায়ণগঞ্জ: জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান জানান, গতকাল র‍্যাবের আট সদস্যের একটি দল পিকআপ ভ্যানে টহল দিচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় ভুল পাশ দিয়ে ঢুকে পড়া একটি সুতাভর্তি ট্রাকের সঙ্গে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই র‍্যাব-১১-এর সার্জেন্ট মনসুর মারা যান। গুরুতর আহত হন র‍্যাবের অপর সাত সদস্য। তাঁদের মধ্যে এএসআই নিজাম, এএসআই মাহফুজুর রহমান, ডিএডি আবদুল্লাহ, ল্যান্স নায়েক জয়নাল ও পিকআপ ভ্যানটির চালক কনস্টেবল সোহেল—এই পাঁচজনকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কনস্টেবল সোহেল মারা যান। অপর দুজন সিপাহি রাসেল ও আজহারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মো. মোখলেছুর রহমান আরও বলেন, ট্রাকটির চালক ও তাঁর সহকারী দুর্ঘটনায় আহত হন। তাঁরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে আড়াইহাজার ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণে অল্প সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে র‍্যাব-১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। গতকাল বিকেলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শেখ শরিফুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে–মুচড়ে যাওয়া র‍্যাবের পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই নিহত হন সার্জেন্ট মনসুর। র‍্যাবের গাড়ির চালক কনস্টেবল সোহেল মারা যান হাসপাতালে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে l ছবি: প্রথম আলো
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে–মুচড়ে যাওয়া র‍্যাবের পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই নিহত হন সার্জেন্ট মনসুর। র‍্যাবের গাড়ির চালক কনস্টেবল সোহেল মারা যান হাসপাতালে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে l ছবি: প্রথম আলো

ঝিনাইদহ: সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেঁটে বাসায় ফেরার পথে সকাল সাড়ে আটটার দিকে শহরের আনসার ক্যাম্পের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক পার হচ্ছিলেন আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর হোসেন (৫৫)। এ সময় ঝিনাইদহগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর হোসেন রাজবাড়ীর আল্লাদিপুর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তিনি ঝিনাইদহ আনসার অফিসে কর্মরত ছিলেন। মোটরসাইকেলটি জব্দ ও চালক বাবু কুমার শর্মাকে আটক করা হয়েছে।
রাজশাহী: বোয়ালিয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে খড়খড়ি বাইপাস এলাকার একটি পেট্রলপাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে সড়কে উঠছিলেন আবদুল আজিজ (৫০)। এ সময় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আবদুল আজিজ মারা যান। তিনি খড়খড়ি এলাকারই বাসিন্দা।
বেলা ১১টার দিকে নগরের বিনোদপুর এলাকায় একটি ট্রলি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেলের চালক তূর্য হোসেন (১৬) মারা যায়। এ দুর্ঘটনার খবর শুনে তূর্যের এক সহপাঠী স্কুলছাত্রী নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা তিনটার দিকে সেও মারা যায়। দুজনই নগরের ডাঁশমারী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তূর্য রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেহের হোসেনের ছেলে।

নাটোর: সকালে সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার চৌগ্রাম বাসস্ট্যান্ডে বগুড়াগামী একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক রেজাউল করিম  (৫০) মারা যান। আহত হয় রেজাউলের সঙ্গে থাকা তাঁর মেয়ে রিয়া খান। এছাড়া বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নবীনগর এলাকায় নাটোর-১ আসনের সাংসদ মো. আবুল কালামের গাড়িবহরকে পাশ দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের আরোহী সুলতানা বেগম নামের এক নারী আহত হন এবং তাঁর নয় মাসের শিশুপুত্র নিহত হয়।

চাঁপাইনবাবগঞ্জ: সদর থানা সূত্রে জানা গেছে, উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নজরুল ইসলাম (৪৫) মারা যান। নজরুল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা সুন্দরপুর গ্রামের বাসিন্দা। ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। 

যশোর: যশোর সদর উপজেলাল চূড়ামনকাটি বাজারে গতকাল বিকেলে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বসুন্দিয়া গ্রামের রবিউল ইসলাম (৩২) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রহিম বক্স (৬৫)। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ঢাকা: মহাখালী বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার বিকেলে বাসের চাকায় পিষ্ট হয়ে গোলাপজান (৬৮) নামের এক নারী মারা গেছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোমরেজ ইসলাম বলেন, বিকেলে ময়মনসিংহের ফুলপুর থেকে একটি বাসে ঢাকায় আসেন গোলাপজান। মহাখালী বাসস্ট্যান্ডে নামার সময় চালক গতি না কমানোয় তিনি চাকার নিচে পড়ে যান। এরপরও বাস না থামালে গোলাপজান চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।