কারাফটক থেকে জামিনে মুক্ত আসামিকে অপহরণের অভিযোগে র্যাব ও কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের চার সদস্যসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সদস্য খবীর উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের যোগসাজশে বাদীর ছেলে তৌফিক আহমেদকে র্যাব-১০-এর সদস্যরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন। মহানগর হাকিম এম এ সালাম বাদীর জবানবন্দি গ্রহণ করে নালিশি অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।আসামিরা হলেন : র্যাব-১০-এর ফ্লাইট লেফটেন্যান্ট মো. ইমন, উপসহকারী পরিচালক (ডিএডি) মো. হারুন, জ্যেষ্ঠ কারাপরিদর্শক তৌহিদুল ইসলাম, কারা উপপরিদর্শক ইমরান হোসেনসহ অজ্ঞাতনামা আরও চারজন।আদালত সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি তৌফিক আহমেদকে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীর সংগঠনের হয়ে জঙ্গি অপতৎপরতার অভিযোগে রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ৪ মে হাইকোর্ট তৌফিককে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে ১১ মে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জামিননামা পাঠানো হয়।