র্যাব থেকে ৫০ পুলিশ কর্মকর্তা বদলি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) থেকে ৫০ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বদলি বা পদায়ন করা হয়েছে। বদলি হওয়া এই কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে আগামী ৩ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৪ জুন থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসাবে গণ্য হবেন।
এর আগে গত মঙ্গলবার পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁরা হলেন র্যাব-৫-এ কর্মরত পুলিশ সুপার এস এম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হককে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫, রাজশাহীতে জনস্বার্থে সরকারি কাজ থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। এ সময়ে ফজলুল হক পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। অপর প্রজ্ঞাপনে সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসানের বিষয়ে একই কথা বলা হয়।