র্যাব সদস্যের আত্মহত্যা!
বাগেরহাট সদর উপজেলায় বিপ্লব কুমার দে (৩৯) নামে এক র্যাব সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে পরিত্যক্ত বাগেরহাট-রূপসা রেলপথের ওপর থেকে পুলিশ বিপ্লবের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে পাওয়া গেছে কীটনাশকের একটি খালি শিশি।বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিপ্লবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে বিপ্লব আত্মহত্যা করতে পারেন। বিপ্লব কুমার দে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাসিন্দা। বিপ্লব ১৯৯২ সালে কনস্টেবল হিসেবে পুলিশ বিভাগে যোগ দেন। ২০০৫ সালে তিনি সহকারী উপ-পরিদর্শক পদে পদোন্নতি পান। গত এক বছর ধরে তিনি বরিশালে র্যাব-৮-এ কর্মরত ছিলেন। বর্ষা (৪) ও বিন্দ্রা (২) নামে তাঁর দুটি মেয়ে রয়েছে।র্যাব-৮-এর সহ-অধিনায়ক মেজর সাব্বির জানান, ৯ ফেব্রুয়ারি ১০ দিনের ছুটি নিয়ে বিপ্লব বাড়ির উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেন। তবে বিপ্লবের ভগ্নিপতি ঝালকাঠির আমুয়া গ্রামের বিপুল কৃষ্ণ সন্নামত জানান, বিপ্লবের সঙ্গে তাঁর স্ত্রী সরস্বতী দের বিরোধ চলছিল। তাদের এই বিরোধ মীমাংসার জন্য বিপ্লবের বাড়িতে বুধবার রাতে উভয় পরিবারের সদস্যদের সালিস বৈঠকে বসার কথা ছিল। এ জন্য তাঁকে বারবার ফোন করে বাড়িতে আসতে বলা হয়েছিল। সর্বশেষ বুধবার রাত সাড়ে ১০টায় বিপ্লব জানিয়েছিলেন, তিনি পিরোজপুরে রয়েছেন। গাড়ি পেলে রাতে বাড়ি আসবেন। তবে তিনি আর বাড়িতে আসেননি।বাগেরহাট মডেল থানার এসআই আবু সিদ্দিক জানান, বিপ্লবের লাশের পাশ থেকে কীটনাশকের একটি খালি শিশি এবং পকেট থেকে দেড় শ টাকার একটি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই স্ট্যাম্পে তিনি তাঁর সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তি তাঁর বোনের ছেলে অমিত দেকে দেওয়ার জন্য লিখে গেছেন। এই ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।