র্যাবের আটক ও জিজ্ঞাসাবাদের বর্ণনা দিলেন ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে সাড়ে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা আবুল হাসনাত মাহমুদ গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে তিনি তাঁকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত কথা বলেন। জবানবন্দির পর গতকাল বিকেলে চট্টগ্রামের আদালত তাঁকে এক আত্মীয়ের জিম্মায় মুক্তি দেন।ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘২২ মে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কর্মস্থল আগ্রাবাদ এনসিসি ব্যাংক থেকে বের হই। দুজন লোক আমাকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে মুখে মুখোশ পরিয়ে দেয়। প্রায় সাত-আট ঘণ্টা গাড়িটি চলতে থাকে। পরে গাড়ি থেকে নামিয়ে আমাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।’হাসনাত বলেন, ‘কক্ষে একজন লোক আমার নাম ধরে আমি কত টাকা নিয়েছি জানতে চান। আমি বলি, কিসের টাকা? কার কাছ থেকে নিলাম? ওই লোকটা ধানাই-পানাই না করে কত টাকা নিয়েছি, আমাকে তা বলতে বলেন। বললে কোনো ক্ষতি হবে না বলে জানান। সেই লোকটা আমাকে প্রশ্ন করেন, তালুকদারকে চিনি কি না। আমি চিনি না বলে জানাই। তখন ওই লোকটি বলেন, সোহেল আমাকে কোনো টাকা দিয়েছেন কি না। আমি সোহেলের সঙ্গে আমার কোনো আর্থিক লেনদেন নেই বলে জানাই।’হাসনাত জবানবন্দিতে বলেন, ‘ওই লোকটি আমাকে বলেন, স্বীকার না করলে কীভাবে কথা বের করতে হয় তা তাঁদের জানা আছে। তখন আমি ভয় পাই। সোহেলের সঙ্গে আমার কোনো ধরনের লেনদেন নেই বলে জানাই। পরে আরেকজন এসে আমাকে অন্য কক্ষে নিয়ে যান। তখনো আমার মুখে মুখোশ ছিল। আমাকে বাথরুমের সামনে নিয়ে মুখোশ খুলে দিলে র্যাবের পোশাক পরা দুজনকে দেখি।’হাসনাত জবানবন্দিতে বলেন, ‘বাথরুম থেকে হাত-মুখ ধুয়ে বের হওয়ার পর হাতকড়া পরিয়ে আমাকে একটি সেলে ঢোকানো হয়। হঠাৎ পাশের সেল থেকে আমার বন্ধু ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা মইনুল হাসানের কণ্ঠ শুনি। আমি তাঁকে এখানে কীভাবে এলেন, জিজ্ঞেস করি। তিনি বলেন, তাঁকে তিন দিন আগে র্যাব ধরেছে। তাঁকে মারধর করা হয়েছে। তিনি মারধরের একপর্যায়ে আমাকে জড়িয়ে বলেন, আমি তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছি। তালুকদার সম্পর্কে মইনুলকে জিজ্ঞেস করলে তিনি জানান, তালুকদার তাঁর ব্যাংকের একজন গ্রাহক। তাঁর ব্যাংক হিসাবের ৬৫ লাখ টাকা জালিয়াতি হয়েছে।’হাসনাত জবানবন্দিতে বলেন, ‘মইনুল র্যাবকে বলেছিলেন, তাঁর ভাগের ২৫ লাখ টাকা থেকে আমাকে ১০ লাখ টাকা দিয়েছেন। আমি ১০ লাখ টাকা নিয়েছি বলে র্যাবের কাছে স্বীকার করতে বলেন সোহেল। পরদিন সোমবার সকালের দিকে র্যাবের দুজন কর্মকর্তা এসে আমাকে দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে মুখোশ পরিয়ে আবার টাকার কথা জিজ্ঞেস করেন। আমি অস্বীকার করে আমার ব্যাংক হিসাব তল্লাশি ও আমার সম্পত্তির খোঁজ নিতে বলি। পরে আমার সামনে মইনুলকে এনে জিজ্ঞাসাবাদ করে র্যাব। মইনুল আমাকে ১০ লাখ টাকা দিয়েছে জানান। পরে মইনুলকে নিয়ে যাওয়া হয়। আবার র্যাব আমার কাছে টাকার বিষয়ে জানতে চায়। আমি আবার অস্বীকার করি।’গত রোববার সন্ধ্যায় আগ্রাবাদ থেকে র্যাবের সদস্যরা হাসনাতকে তুলে নিয়ে যান। স্থানীয় পুলিশ বিষয়টি সম্পর্কে কিছু জানত না। এ ঘটনায় হাসনাতের ভাই আবুল হাসান মাহমুদ ডবলমুরিং থানায় একটি অপহরণ মামলা করেন। ওই মামলায় কথিত অপহরণের সঙ্গে মইনুলের জড়িত থাকার অভিযোগ করা হয়।পুলিশ সূত্র জানায়, মইনুল আগ্রাবাদের ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে ওই ব্যাংকের এক কোটি এক লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ কারণে র্যাব তাঁকে ঢাকায় গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে হাসনাতকে আগ্রাবাদ থেকে গাড়িতে উঠিয়ে ঢাকায় নিয়ে যায় র্যাব।হাসনাতের জবানবন্দির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল প্রথম আলোকে বলেন, ইস্টার্ন ব্যাংকের একটি মামলার ভিত্তিতে তদন্ত করতে গিয়ে র্যাব দেখতে পায়, পাঁচটি হিসাব নম্বর থেকে ২৭টি পে-অর্ডারের মাধ্যমে ৬৫ লাখ ৫৫ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা ফরিদা পারভিন নামে এক মহিলার হিসাবে অস্বাভাবিক লেনেদেনের প্রমাণ পায়। এর ভিত্তিতে হাসনাত ও মইনুলকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, হাসনাতের ওপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি, কোনো অমানবিক আচরণও তাঁর সঙ্গে করা হয়নি।