র্যাবের নির্যাতনে এবার ব্যবসায়ী হত্যার অভিযোগ

এবার নির্যাতন করে শাহনূর আলম (৪৩) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি পরিবার।
নিহত শাহনূরের সুরতহাল প্রতিবেদনেও শরীরের বিভিন্ন অংশে থেঁতলানো জখমের উল্লেখ কথা করেছে পুলিশ। তবে র্যাব-১৪-এর সংশ্লিষ্ট কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহেদি হাসান। তিনি নিহত শাহনূর আলমের ভাই।
লিখিত বক্তব্যে মেহেদি বলেন, গত ২৯ এপ্রিল দুপুরে র্যাব শাহনূরকে নবীনগরের বগডহর গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর এ জেড এম শাকিব সিদ্দিকির নেতৃত্বে ১২ জনের একটি দল ওই অভিযান চালায়। এরপর র্যাবের দলটি নবীনগর থানায় গেলেও সেখানে শাহনূরকে হস্তান্তর করা হয়নি। তখন শাহনূরের চোখ ও মুখ বেঁধে র্যাবের গাড়িতে শুইয়ে রাখা হয়। ওই দিন সন্ধ্যায় তাঁকে র্যাবের ভৈরব ক্যাম্পে নেওয়া হয়। এরপর মেজর শাকিব তাঁর কোমরে ও কোমরের নিচ থেকে পায়ের তালু ও হাতের কনুইয়ে নির্মমভাবে পিটিয়ে জখম করেন। বুট জুতা দিয়ে তাঁর কোমর ও তলপেটে লাথি মারেন। নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলেন শাহনূর। ৩০ এপ্রিল নবীনগর থানায় একটি মামলা দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠান। নির্যাতনে আহত হয়ে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে ৪ মে কারা কর্তৃপক্ষ তাঁকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ৬ মে ভোরে শাহনূরের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইরে র্যাব-১৪-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এ জেড এম শাকিব সিদ্দিকি প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনার পরে সব জায়গায় সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।র্যাব তাঁকে কোনো নির্যাতন করেনি।’