২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত গুমের ঘটনাগুলোয় র্যাবের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি। ৭১টি গুমের ঘটনা পর্যালোচনায় দেখা গেছে, ২১টি অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে, যা শতকরা হারে ৪০ দশমিক ৩৮। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১৬টি ঘটনায়, যা শতকরা হাবে প্রায় ৩১। ৫২টি গুমের ঘটনায় সুস্পষ্টভাবে আইনপ্রয়োগকারী সংস্থার অভিযোগ তোলা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ৬৫ জনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। ২৩ জন ফিরে এসেছেন। ১৬ জন এখনো এখনো নিখোঁজ। নিখোঁজ হওয়ার পর ২২ জন গ্রেপ্তার, আটক বা জেল হেফাজতে আছেন বলে দাবি করা হয়েছে।
আজ সোমবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘কোথায় আছেন তাঁরা? বাংলাদেশের গুমের ঘটনা’ শীর্ষক এক ওয়েবিনারে এসব তথ্য প্রকাশ করা হয়। সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে বলে ওয়েবিনারে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সিজিএসের উপদেষ্টা বোর্ডের সদস্য আলী রীয়াজের নেতৃত্বে সিজিএসের কয়েকজন গবেষক গবেষণায় অংশ নেন। মানবাধিকার লঙ্ঘনে গুমের মতো গুরুতর পরিণতি বোঝার জন্য এ গবেষণা করা হয়েছে বলে সিজিএসের পক্ষ থেকে জানানো হয়েছে।
গবেষণায় পাওয়া তথ্য ওয়েবিনারে প্রকাশ করেন আলী রীয়াজ। তিনি বলেন, গুমকে কেবল সংখ্যা দিয়ে বিচার করলে চলবে না, প্রতিটি গুমের ঘটনা একেকটি পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়।
আলী রীয়াজ জানান, গুমের ঘটনায় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো সব সময় পুরো তথ্য পায় না। এর অন্যতম কারণ, উঠিয়ে নেওয়ার সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সাদাপোশাকেই আসেন। প্রতিটি ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমের ঘটনার তদন্ত হচ্ছে বলে দাবি করলেও এ বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায় না।
গবেষণার তথ্য অনুযায়ী, গত তিন বছরে ঢাকায় সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে। ৭১টি ঘটনার মধ্যে ২৬টিই ঢাকায়। দ্বিতীয় সর্বোচ্চ গুমের ঘটনা ঘটেছে চট্টগ্রামে,৮ টি। এ ছাড়া নারায়ণগঞ্জে ৭টি এবং খুলনা ও ময়মনসিংহে ৬টি করে ঘটনা ঘটেছে বলে ওয়েবিনারে জানানো হয়। গত তিন বছরে দেশের মোট ১৮টি জেলায় গুমের অভিযোগ পাওয়া গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ৭১ জনের মধ্যে ৫১ জনের পেশা শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১১ জন রাজনীতিবিদ, ১১ জন ব্যবসায়ী, শিক্ষার্থী ৮ জন, ৫ জন ইমাম ইসলাম প্রচারক ও সাংবাদিক ৩ জন। বাকিরা হলেন তথ্য–প্রযুক্তি বিশেষজ্ঞ, পাটকল শ্রমিক, আইনজীবী, চলচ্চিত্র নির্মাতা, গাড়িচালক ও বেসরকারি অফিসের কর্মচারি।
আলোচনায় অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুশাসনের অভাবের কারণে গুমের ঘটনা ঘটছে। ২০১৪ সালে একতরফা নির্বাচনে আগে এ রকম হুমকি ও ভয়ের সংস্কৃতি ছিল বলে মন্তব্য করেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সঙ্গে এ গুমের ঘটনার যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা উচিত।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম কমলেও আত্মপ্রবঞ্চনার সুযোগ নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তাঁর বক্তব্য হলো, সরকারের কিছু ব্যক্তি তাঁদের সম্পদ বাঁচানোর জন্য আপাতত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমিয়ে দিয়েছেন। আসিফ নজরুল আরও বলেন, নির্বাচনের আগে গুমের ঘটনা বেড়ে যায়। আগামী নির্বাচন এলে আবার বেড়ে যাবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের সুরক্ষা দেওয়ার কথা, সেখানে যদি উল্টো হয়, তাহলে বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হবে। এখন পর্যন্ত যাঁরা নিখোঁজ, তাঁদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান।
এই মানবাধিকারকর্মী গুমের ঘটনাগুলো ধরন নিয়ে গবেষণার তাগিদ দেন। যাঁরা গুমের শিকার হয়েছিলেন, তাঁরা কেমন ঘরে ছিলেন, ভেতরে কী কথাবার্তা হয়েছিল, এসব বিষয় ভাবনায় আনার পরামর্শ দেন তিনি। ওয়েবিনারের সঞ্চালক ও সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, দেশের গণতন্ত্রের সংকটের সঙ্গে গুমের ঘটনা সম্পর্কিত।
সুপারিশমালা
অধ্যাপক আলী রীয়াজ তাঁর গবেষণার সুপারিশের কয়েকটি বিষয় তুলে ধরেন। সেগুলো হলো নাগরিকদের মৌলিক অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার প্রদর্শনের জন্য বাংলাদেশকে অবিলম্বে ১৯৯২ সালের জোরপূর্বক নিখোঁজ থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করতে হবে।
প্রতিটি গুমের ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে।
জাতিসংঘের কমিটি যেসব নিখোঁজ ব্যক্তির ব্যাপারে তথ্য চেয়েছে, সেগুলো অবিলম্বে প্রদান করা এবং ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশ সফরের অনুমতি দেওয়া।
ভুক্তভোগীদের পরিবারের যেকোনো ধরনের হয়রানি বন্ধ করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত ও বিচার পাওয়ার ক্ষেত্রে আইনি সহায়তাসহ অন্যান্য সহযোগিতা নিশ্চিত করা।
আইন প্রয়োগকারী সংস্থা–সম্পর্কিত সংশ্লিষ্ট আইনের সংশোধন করা এবং মানবাধিকার সংস্থা, সাংবাদিক ও আইন পেশার প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে পুনর্গঠন করা, যাতে মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত কর্মকাণ্ডের সঠিক তদন্ত এবং এতে সরকারের পূর্ণ সহায়তা নিশ্চিত করা যায়।