র‍্যাবের বিরুদ্ধে চিঠি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে প্রভাব ফেলবে না: ইইউর রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) এক সদস্যের লেখা চিঠি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না। এমন মন্তব্য করেছেন ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্লোভাকিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভান স্টেফানেক ২০ জানুয়ারি বাংলাদেশ প্রসঙ্গে ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিমালাবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেলের কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানান। ডিআরইউ আয়োজিত অনুষ্ঠানে সে প্রসঙ্গে কথা বলেন চার্লস হোয়াইটলি।

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে ওই চিঠির কারণে বাংলাদেশের সঙ্গে ইইউর ব্যবসায় কোনো প্রভাব পড়বে কি না—সাংবাদিকেরা এ প্রসঙ্গে জানতে চাইলে হোয়াইটলি বলেন, ব্যবসা তো ব্যবসাই। তারা (ইইউ) মনোযোগ দেবে যে তাদের মুনাফা হবে কি না বা সেখানে ব্যবসার আকর্ষণীয় পরিবেশ আছে কি না। তিনি বলেন, ‘কখনো কখনো রাজনৈতিক বিষয় ব্যবসায় প্রভাব ফেলতে পারে। তবে সাম্প্রতিক এ নিষেধাজ্ঞা বাংলাদেশে ইইউর ব্যবসায়িক স্বার্থে অথবা এ ব্যবসাকে এগিয়ে নেওয়ার ইচ্ছার ক্ষেত্রে এবং আরও ভালো বিনিয়োগের পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে আমি মনে করছি না। ব্যবসা বলতে যা বোঝায় তা হলো ভালো, পরিচ্ছন্ন ও ন্যায্যভাবে সবার জন্য উপযোগী পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করা। আমার মনে হয় (ব্যবসার ক্ষেত্রে) এটাই প্রাথমিক চিন্তা।’

র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইইউকে দেওয়া চিঠিকে তিনি কীভাবে দেখেন আর এই চিঠির অর্থই বা কী—এক সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে চার্লস হোয়াইটলি বলেন, ‘একজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমন একটি চিঠি লিখেছেন।

এতে বিস্ময়ের কিছু নেই। তিনি তাঁর পদাধিকারবলেই ওপর মহলের কাছে চিঠি লিখেছেন। আমি ইইউতে ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছি। যখন আমরা কোনো চিঠি পাই, ভালো প্রশাসক হিসেবে সব সময় সেই চিঠির উত্তর দেওয়া আমাদের প্রথা। আমি নিশ্চিত, ওপর মহল থেকে যথাযথ প্রক্রিয়ায় ইউরোপিয়ান পার্লামেন্টের ওই সদস্যের কাছে চিঠির উত্তর দেওয়া হবে।’

হোয়াইটলি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত একান্তই দেশটির ট্রেজারি বিভাগের। যেহেতু এটা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, তাই এ বিষয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। ইউরোপীয় ইউনিয়ন হিসেবে মানবাধিকার ইস্যুতে আমরা আমাদের নিজস্ব নীতিতে চলি এবং এ ক্ষেত্রে আমাদের নিজস্ব নিয়মও আছে।’
ইইউতে চিঠির বিষয়ে জামায়াত-বিএনপির ইন্ধন ছিল বলেও গুঞ্জন উঠছে। এ বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘ইইউ বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার ইস্যুতে অতীতে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু বিষয়টি আপনাকে এভাবে দেখতে হবে, ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান পার্লামেন্টের একজন সদস্যের কাছ থেকে চিঠিটা এসেছে। এই চিঠি ইউরোপীয় পার্লামেন্ট থেকে আসেনি। ইউরোপিয়ান কমিশন এমনকি ইউরোপীয় কাউন্সিল থেকে আসেনি। একজন সদস্যের চিঠি লেখার প্রতি আমার পুরো শ্রদ্ধা আছে। আমি এটা নিয়ে মন্তব্য করতে পারি না যে কেন এই চিঠি লেখা হয়েছে।’

চার্লস হোয়াইটলি বলেন, ‘আমি বলতে পারি ব্যক্তিগত উদ্বেগ থেকে তিনি এই চিঠি দিয়েছেন এবং এটা স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। নির্বাচিত ইইউ প্রতিনিধিদের নিয়ে গঠিত ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা গোটা বিশ্বের অনেক ইস্যুতে কথা বলে থাকেন। এটা এমন কোনো অস্বাভাবিক বিষয় না যে এটা ঘটতে পারে না।’

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং রাজস্ব বিভাগ আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞা আরোপের এক মাস আগে, অর্থাৎ গত বছরের নভেম্বরে র‌্যাবকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন। অবশ্য মানবাধিকার সংগঠনগুলো তাদের চিঠির বিষয়টি ২০ জানুয়ারি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রচার করেছে।