র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ মিরপুরে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গত সোমবার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘গুলিবিনিময়ে’ পারভেজ ওরফে বেয়াই পারভেজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাব ও পুলিশ বলেছে, পারভেজ কাফরুল এলাকার সন্ত্রাসী শাহীন সিকদারের সহযোগী। তবে তাঁর পরিবারের দাবি, তিনি ঠিকাদার ছিলেন। র্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়, সোমবার গভীর রাতে র্যাব-৪ জানতে পারে, মিরপুর ১৩ ও ১৪ নম্বরে তৈরি পোশাক কারখানার ঝুট নিয়ন্ত্রণ নিয়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে উত্তেজনা চলছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের কয়েকটি টহল দলকে ওই এলাকায় পাঠানো হয়। স্থানীয় থানার পুলিশকেও বিষয়টি জানানো হয়। র্যাব সদস্যরা রাত তিনটার দিকে মিরপুর ১৩ নম্বরে মুক্তিযোদ্ধা সমবায় মাঠে টহল দেওয়ার সময় অজ্ঞাত কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের দিকে এগোতে থাকেন। সন্দেহভাজনেরা এ সময় এলোপাতাড়ি গুলি করে। র্যাবও পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের মধ্যে ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের একপর্যায়ে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ও পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। র্যাব সদস্যরা ঘটনাস্থলে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে সন্ত্রাসী পারভেজ ওরফে বেয়াই পারভেজ বলে শনাক্ত করে। গুলিবিনিময়কালে র্যাব সদস্য বাদশা মিয়া আহত হন। পারভেজকে রাত সোয়া চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব ও পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে চারটি গুলিসহ একটি রিভলবার, একটি চায়নিজ কুড়াল, ছয় বোতল ফেনসিডিল, সিগারেটের প্যাকেট এবং কিছু গাঁজা উদ্ধার করে। বেয়াই পারভেজের বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা, অস্ত্র আইনে তিনটি এবং বিস্ফোরকদ্রব্য আইনে এক ডজনেরও বেশি মামলা আছে। গতকাল দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাবুল মিয়ার উপস্থিতিতে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক লাশের সুরতহাল প্রতিবেদন করেন। খবর পেয়ে নিহত পারভেজের বাবা আবদুস সালাম ও বোন কানিজ ফাতেমাসহ স্বজনেরা মর্গে যান। আবদুস সালাম মর্গে সাংবাদিকদের বলেন, পারভেজ দুই দিন ধরে নিখোঁজ ছিল। বেসরকারি টিভি চ্যানেলের খবরে মৃত্যুর বিষয়টি জেনে তাঁরা মর্গে এসে লাশ শনাক্ত করেন। পারভেজ ঠিকাদারি করত। তিনি জানান, এ মৃত্যু নিয়ে কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। পারভেজ কাফরুল থানার ৩৫ সি-বি কচুক্ষেতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গঙ্গাপুরে।