র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মুছাপুর এলাকায় গত রোববার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কোম্পানীগঞ্জ-সোনাগাজী-সন্দ্বীপ উপকূলীয় এলাকার ডাকাত দল টিপু বাহিনীর প্রধান কামরুল হাসান ওরফে টিপু ডাকাত (৩৪) নিহত হয়েছেন।পুলিশ সূত্র জানায়, ‘বন্দুকযুদ্ধে’ র্যাবেরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান, একটি শাটারগান ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছেন।এ বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত র্যাবের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।পুলিশ জানায়, নিহত টিপুর বাড়ি উপজেলার মুছাপুর ইউনিয়নে। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানায় ১১টি মামলা রয়েছে।নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, দক্ষিণ মুছাপুর এলাকায় টিপু বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত তিনটার দিকে র্যাব-১১-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় টিপু বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও কয়েকটি গুলি করে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে র্যাব ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় টিপু বাহিনীর প্রধান টিপুকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম আকন্দ জানান, এই ঘটনায় র্যাব-১১-এর ডিএডি ফরিদুল ইসলাম গতকাল থানায় ডাকাতির প্রস্তুতি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরকারি কাজে বাধাদান ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করেছেন।