রাজধানীর কদমতলীতে গত বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গোপালচন্দ্র দাস (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাব ও পুলিশ দাবি করেছে, নিহত যুবক সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, গত মঙ্গলবার গোপালকে আটক করে র্যাব। এর একদিন পর বুধবার রাতে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে প্রচার করে তারা।র্যাব-১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে র্যাবের একটি দল ছদ্মবেশে জুরাইনের বটতলা এলাকায় টহল দিচ্ছিল। রাত আড়াইটার দিকে ওয়াসা পুকুর পাড়ে কয়েকজন অজ্ঞাত যুবককে দেখে তাদের সন্দেহ হয়। র্যাব সদস্যরা এগিয়ে গেলে ওই যুবকেরা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। র্যাব পাল্টা গুলি করলে ঘটনাস্থলে গোপাল নিহত হন। মৃতদেহের পাশ থেকে একটি গুলিসহ বিদেশি পিস্তল ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের সার্জেন্ট আশরাফুল আহত হন। গোপালের লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।গোপালের বাসা পশ্চিম জুরাইনের খন্দকার রোডে।