র্যাবের সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় র্যাবের গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তা মেজর আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। প্রায় এক মাস ধরে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিআইডি সূত্র জানায়। গতকাল বৃহস্পতিবার ছিল শেষ দিন।জানতে চাইলে আতিকুর রহমান জিজ্ঞাসাবাদের কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রকৃত সত্যকে আড়াল করার নেপথ্যে কারা ছিল, এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।জানা গেছে, ২০০৫ সালে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানকে ১২০ দিন রিমান্ডে নিয়ে র্যাবের সদর দপ্তরে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদে মেজর আতিক যুক্ত ছিলেন। হান্নান তখনই ২১ আগস্ট গ্রেনেড হামলায় তাঁর ও তাঁর সংগঠনের জড়িত থাকার কথা বিস্তারিত স্বীকার করেছিলেন। কিন্তু এ তথ্য তখন গোপন করা হয়। উল্টো নোয়াখালীর সেনবাগ থেকে জজ মিয়া নামের এক দরিদ্র যুবককে ধরে এনে সাজানো তদন্ত চালানো হয়।সিআইডি সূত্র জানায়, কেন বা কার নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জঙ্গিদের সম্পৃক্ততার কথা তখন গোপন করা হয়েছিল, তা নিয়ে মেজর আতিককে জেরা করা হয়।এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত হুজির ডেপুটি চিফ কমান্ডার জাহাঙ্গীর বদরসহ কোনো কোনো জঙ্গিকে পালাতে সহায়তার ক্ষেত্রে তৎকালীন র্যাবের কারও সম্পৃক্ততা ছিল কি না, তা নিয়েও আতিককে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।মেজর আতিক প্রথম আলোকে বলেন, সিআইডি অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে। একই ধারাবাহিকতায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে। তিনি দাবি করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ৮০ শতাংশ আসামিকে তিনি শনাক্ত ও গ্রেপ্তার করেছেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত হন। শেখ হাসিনাসহ আহত হন শতাধিক ব্যক্তি। তৎকালীন জোট সরকারের আমলে এ-সংক্রান্ত মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে মামলাটি নতুন করে তদন্ত করে বিএনপির উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ হুজি জঙ্গিদের সম্পৃক্ততার প্রমাণ মেলে। বর্তমানে মামলার অধিকতর তদন্ত চলছে।