র্যাবের সোর্সকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্ত থেকে র্যাবের তথ্যদাতা (সোর্স) মিলন হোসেনকে (২৫) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মিলন চট্টগ্রাম শহরের রৌশন আলীর ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় বিএসএফ সীমান্ত থেকে তাঁকে ধরে নিয়ে যায়। কুমিল্লা র্যাব-১১-এর এএসপি কামরুল হাসান জানান, তাঁরা নারায়ণপুর সীমান্তে একটি অভিযানে গিয়েছিলেন। সীমান্তবর্তী এলাকায় একটি বাড়িতে ফেনসিডিল ও গাঁজা ছিল বলে তাঁরা তথ্য পেয়েছিলেন। অভিযান পরিচালনা করার সময় তাঁদের দুজন সোর্স ভুলে সীমান্ত অতিক্রম করে ফেলেন। তাঁদের একজন ভারত সীমান্ত থেকে বের হতে পারলেও মিলনকে ভারতীয় চোরাকারবারিরা ধরে বিএসএফের হাতে তুলে দেয়। কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহমুদ বলেন, ‘র্যাব আমাদের না জানিয়ে সীমান্তে অভিযানে গিয়েছিল। সোর্স হয়তো মনের অজান্তেই সীমান্ত অতিক্রম করেছিল। তখন চোরাকারবারিরা তাকে ধরে নিয়ে বিএসএফের হাতে দিয়েছে। তাকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে।’ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার নিজাম উদ্দিন বলেন, মিলনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার জন্য বিএসএফের আশাবাড়ি ক্যাম্পে চিঠি পাঠানো হয়। গতকাল রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি ও বিএসএফের বৈঠক চলছিল।