র‍্যাবের হাতে আটক শফিকুল পুলিশ হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সব দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে আটক হওয়া ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে নীলফামারীর সৈয়দপুর থানায় সোপর্দ করেছে র‍্যাব। হুমকিদাতা ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম চৌধুরী (২৮)। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় ওই যুবককে শহরের পাঁচমাথা মোড় থেকে তুলে নিয়ে যায় র‍্যাব। তাঁকে রংপুর র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদের এক দিন পর গতকাল রোববার রাতে থানায় সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ৫ জুলাই একটি মোবাইল ফোনের নম্বর থেকে র‍্যাবের সরকারি নম্বরে হুমকি দিয়ে একটি খুদে বার্তা (এসএমএস) আসে। ওই বার্তায় র‍্যাবের সব দপ্তরসহ র‍্যাব সদস্যদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে র‍্যাব মোবাইল ট্র্যাকিং করে ওই হুমকিদাতা ব্যক্তির পরিচয় শনাক্ত করে। তাঁর নাম শফিকুল ইসলাম চৌধুরী। তিনি সৈয়দপুর শহরের হাতিখানা মহল্লার বাসিন্দা। পরে শনিবার র‍্যাব ওই ব্যক্তিকে শহরের পাঁচমাথা মোড় থেকে তুলে নিয়ে যায়।

আটক ব্যক্তিকে রংপুর র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে গ্রেপ্তার দেখিয়ে সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব-১৩ রংপুর অঞ্চলের উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলা করেন।

মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ওই ব্যক্তির বোন মোছা. নূরজাহান বেগম শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, র‍্যাব পরিচয়ে শফিকুলকে তুলে নেওয়া হয়েছে।