রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের র্যামের বিভিন্ন অংশ ভেঙে লোহার পাটাতন বের হয়ে গেলেও মেরামত করা হচ্ছে না। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় (বাণিজ্য) বিষয়টি মেরিন বিভাগকে একাধিকবার জানালেও এখন পর্যন্ত তা মেরামত করা হয়নি। এতে ফেরিতে গাড়ি ওঠানামা ব্যাহত হচ্ছে।
ঘাটসংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দৌলতদিয়ায় ৭টির মধ্যে ৪টি ফেরিঘাট সচল রয়েছে। দুই বছর আগে নদীভাঙনে ১ ও ২ নম্বর ঘাট বিলীন হলে পরের বছর কর্তৃপক্ষ সংস্কার করে। অথচ ১ নম্বর ঘাটে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ হামজা রাখা হয়েছে। ২ নম্বর ঘাটটি ব্যবহার না করায় স্থানীয় একটি গ্রুপ পণ্যবাহী কার্গো থেকে মালামাল আনলোডে ব্যবহার করছে। ৩, ৪, ৫ ও ৭ নম্বর ঘাট সচল রয়েছে। ৬ নম্বর ঘাট মিডওয়াটার লেভেল হওয়ায় শুষ্ক মৌসুমে বন্ধ হলেও এখনো চালু হয়নি। সচল ৪টির (৩, ৪, ৫ ও ৭) মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫ নম্বর ঘাট।
প্রতিদিন এই ঘাট দিয়ে অধিকাংশ গাড়ি এবং যাত্রী পারাপার হয়। অথচ র্যামের একাধিক স্থানে লোহার পাটাতন ভেঙে আলাদা হয়ে গেছে। তার ভেতর দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। ভাঙা স্থানে মাঝেমধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাসের চাকা আটকে দুর্ঘটনার উপক্রম হয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এর আগে গত ১১ মে এই র্যামে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল ঢাকাগামী একটি সাদা রঙের মাইক্রোবাস। বৃষ্টির সঙ্গে ঝড় উঠলে আচমকা বাতাসে পন্টুনের তার ছিঁড়ে অনেকটা দূর গেলে র্যামে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী জাহাজ মাইক্রোবাস টেনে ওপরে তুললেও চালক নিখোঁজ ছিলেন। দুই দিন পর ১৩ মে সকালে কয়েক শ গজ দূরে বাহির চর ছাত্তার মেম্বারপাড়ায় অর্ধগলিত অবস্থায় চালকের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে র্যাম ও তার অনেকটা দুর্বল প্রকৃতির বলে চিহ্নিত করে।
সোমবার ৫ নম্বর ফেরিঘাটের দুটি র্যামের বাম পাশেরটি কিছুটা ভালো থাকায় ভারী যানবাহন সাধারণত ওই র্যামটি ব্যবহার করছে। ঝুঁকি এড়াতে তারা ক্ষতিগ্রস্ত বা ভাঙা র্যামটি এড়িয়ে চলছে। তবে ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়েই চলাচল করছে। যেকোনো মুহূর্তে র্যামটি ভেঙে যানবাহন নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন যানবাহনের চালকেরা।
যশোর থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী চালক আবুল হোসেন বলেন, ‘আমি নিয়মিত এই রুট দিয়ে চলাচল করি। প্রায় দুই মাস ধরে এই ঘাটের পন্টুনের আগে র্যামের ভাঙা দেখছি। মাঝেমধ্যে মেরামত করে চালানো হয়। তবে এবার আরও বেশি ভাঙা মনে হচ্ছে। এভাবে আর কিছুদিন চললে যেকোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, ‘একে তো ৭টির মধ্যে ৪টি ঘাট চালু রয়েছে। লকডাউনে যানবাহনের চাপ কম থাকায় ৪টি ঘাটই যথেষ্ট। তবে ৫ নম্বর ঘাটের র্যামের একাধিক স্থানে ভাঙন ও ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন ফেরিতে ওঠানামা ব্যাহত হচ্ছে। বিষয়টি বিআইডব্লিউটিসির মেরিন বিভাগকে অবহিত করেছি।’
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমাদের একটি মাত্র ওয়েল্ডিং বোট, তা-ও ১০-১২ দিন ধরে কাজীরহাট ঘাট মেরামতের কাজ করছে। আরও ৩-৪ দিন পর কাজ শেষে ফিরে আসামাত্র র্যামের সংস্কারকাজ শুরু করব।’