রয়ে গেলেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর কমিটির সাবেক সহসভাপতি সিরাজ-উদ-দৌলা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সদস্য ও বর্তমান মেয়র সফিউল আলম। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে সিরাজ-উদ-দৌলা বলেন, মেয়র পদে নির্বাচন করার জন্য তিনি আওয়ামী লীগের পৌর কমিটি থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, ‘জনগণের ব্যাপক সাড়া পেয়েছি, তাই মনোনয়নপত্র প্রত্যাহারের চিন্তা করিনি। প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু করব।’
আরেক মেয়র প্রার্থী সফিউল আলম বলেন, ৫০ বছরের বেশি সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন। কিন্তু তাঁর মনোনয়ন কেড়ে নেওয়ায় নাগরিক কমিটির পক্ষ থেকে নির্বাচন করছেন। তাঁর আশা, সুষ্ঠু ভোট হলে তিনি আবারও মেয়র হবেন।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রায়হান উদ্দীন বলেন, ‘অদৃশ্য শক্তির প্রভাবে দলত্যাগ করা দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী ভুল পথে হাঁটছেন। তাঁরা অচিরেই তাঁদের ভুল বুঝতে পারবেন। যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নেই, তাই তাঁরা নির্বাচন থেকে বিরত থেকে দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে আশা করি।’