র্যাবের দুই সদস্যকে নিজ বাহিনীতে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখানে ‘ভাড়াটে’ হিসেবে জমি দখল করতে গিয়ে গ্রেপ্তার হওয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্যকে নিজ নিজ বাহিনীতে হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত৷ এ দুই র‌্যাব সদস্য হলেন সেনাবাহিনীর করপোরাল মিজানুর রহমান ও নৌবাহিনীর সদস্য আবদুল্লাহ আল মাহমুদ৷
ঢাকার মুুখ্য মহানগর হাকিম আদালত গতকাল সোমবার এ আদেশ দেন৷
গত রোববার গ্রেপ্তার হওয়া র‌্যাবের দুই সদস্যসহ পাঁচজনকে গতকাল মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে উত্তরখান থানার পুলিশ৷ এঁদের মধ্যে র‌্যাবের দুই সদস্যকে স্ব স্ব বাহিনীতে ফেরত এবং বাকি তিন আসামি মোহাম্মদ নাহিদ, জহির উদ্দিন ও রিফাত হককে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ৷ আদালত আবেদন মঞ্জুর করেন৷
এ-সংক্রান্ত মামলায় অভিযোগ করা হয়, আসামিরাসহ ২০-২৫ জনের একটি দল কয়েকটি মাইক্রোবাসযোগে উত্তরখানের ফৌজিরবাতানে একটি জমি দখল করতে যান৷ জমিটি নিয়ে ভোগদখলকারী ও মালিক দাবিদার হুমায়ুন কবিরের সঙ্গে এক নারীর বিরোধ চলছে৷ তাঁরা ওই নারীর হয়ে জমিটি দখল করতে এসেিছলেন৷ তাঁরা জমিতে থাকা ঘরগুলোর ভাড়াটেদের বের করে দেন৷ হুমায়ুন কবির ঘটনাটি ফোনে পুলিশকে জানান। এরপর উত্তরখান থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে দখলের চেষ্টাকারীরা পালাতে থাকেন৷ স্থানীয় লোকজন হামলাকারীদের একটি মাইক্রোবাস আটক করেন৷ মাইক্রোবাসে থাকা ওই দুই র‌্যাব সদস্যসহ পাঁচজনকে আটক করে তাঁরা পুলিশে দেন। র‌্যাবের দুই সদস্য তখন সাদা পোশাকে ছিলেন৷ এ ঘটনায় জমির মালিক দাবিদার হুমায়ুন কবির মামলা করেন৷