র‌্যাগিং বন্ধ করতে পরিদর্শক দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের সঙ্গে র‌্যাগিং ও অনাকাঙ্ক্ষিত আচরণ বন্ধ রাখতে গতকাল রোববার একটি পরিদর্শক দল গঠন করা হয়েছে।আবাসিক হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) ও ছাত্রকল্যাণ পরিচালক ও নিরাপত্তা উপদেষ্টার সমন্বয়ে এই পরিদর্শক গঠন হয়েছে। এই দলের সদস্যসংখ্যা আটজন। সদস্যরা হলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, শহীদ মো. শাহ হলের প্রভোস্ট, শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট, ড. কিউ কে হলের প্রভোস্ট, সুফিয়া কামাল হলের প্রভোস্ট, সুফিয়া কামাল হলের সহকারী প্রভোস্ট, নিরাপত্তা উপদেষ্টা, ছাত্রকল্যাণ পরিচালক ও ছাত্রকল্যাণ উপপরিচালক।র‌্যাগিং-সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান বা অভিযোগ দাখিলের জন্য সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে র‌্যাগিং একটি জঘন্য সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলা হয়, র‌্যাগিং নাগরিক অধিকারের পরিপন্থী, বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। র‌্যাগিং অপরাধের জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি হিসেবে আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করা হবে। এ ছাড়া র‌্যাগিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী শিক্ষা কার্যক্রম থেকে সর্বোচ্চ আজীবন বহিষ্কারসহ কঠোর শাস্তি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।