জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের গতকাল রোববার প্রবেশিকা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়েছে। গত শনিবার তাঁদের ক্লাস শুরু হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে জানায়, এ সময় ‘বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম’-এ অতিথি লেখক পরিচয়ে সিয়াম সারোয়ার জামিল নামের এক ব্যক্তি ‘জাবি উপাচার্যকে খোলা চিঠি’ শীর্ষক এক লেখা প্রকাশ করেন। ওই চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের একজন নবাগত ছাত্র র্যাগিংয়ের শিকার হয়েছেন। র্যাগিংয়ের একটি ছবিও চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়। হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল টিম অনুসন্ধান করে জানতে পারে, অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট। ছবিটিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ষড়যন্ত্রমূলকভাবে নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্ধকারের শক্তি এ অপকর্মটি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সংবাদ ও তৎপরতায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।