র্যাগিংয়ের নামে হয়রানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের ব্যানারে নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি ইমরান নাদিম। তিনি বলেন, ১২ মার্চ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। অন্যবারের মতো এবারও প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে র‌্যাগিংয়ের নামে নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু এসব বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
র‌্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। দাবিগুলো হলো, সব পোষ্য ও স্নাতকোত্তর পরীক্ষা শেষ করা শিক্ষার্থীর আসন বাতিল করে ২৫ মার্চের মধ্যে আবাসিক হলগুলোর বৈধ শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করা, হলগুলোকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, হলগুলোতে গণরুমপদ্ধতি বাতিল করা, কোনো শিক্ষার্থী র‌্যাগিংয়ের ঘটনায় যুক্ত প্রমাণিত হলে বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা ও অবিলম্বে জাকসু নির্বাচনের ব্যবস্থা করা ইত্যাদি। সংবাদ সম্মেলনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইন বলেন, র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের যে নিপীড়ন করা হয়, তার ধরন যৌন হয়রানি থেকে ধর্ষণ পর্যন্ত। প্রশাসন র‌্যাগিং বন্ধে আন্তরিক নয় বলে অভিযোগ করেন দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন। তিনি বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে র‌্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত কিছু শিক্ষার্থীর নাম দর্শন বিভাগ থেকে প্রশাসনের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা ছাত্রলীগের কর্মী-সমর্থক জানতে পেরে প্রশাসন আর কোনো ব্যবস্থা নেয়নি।