র্যাঙ্কিন স্ট্রিটে বাণিজ্যিক ভবন নির্মাণে স্থগিতাদেশ
রাজধানীর ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটে বাণিজ্যিক ভবন নির্মাণে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে র্যাঙ্কিন স্ট্রিটে বাণিজ্যিক ভবন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল ও আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
মাসুদ আহমেদ সাঈদ প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগমের করা এ রিট আবেদনে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও চারটি আবাসন নির্মাণ কোম্পানিকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।