র্যাব এখন ক্যানসার, এটি বাতিল করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার মুন্সিগঞ্জে এক জনসভায় বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার মুন্সিগঞ্জে এক জনসভায় বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, র‌্যাবকে সংস্কার করে কোনো লাভ হবে না। র‌্যাব ক্যানসার হয়ে গেছে, এটি বাতিল করতে হবে। তিনি অভিযোগ করেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়া বহু লোককে গুম করেছেন।

আজ বুধবার মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাটসংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এক জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। র‌্যাব এখন গুম-খুন-ব্যবসা করছে বলে তিনি অভিযোগ করেন।

খালেদা জিয়ার দাবি, নারায়ণগঞ্জের ঘটনায় শুধু সাতজন নয়, নৌকার মাঝিসহ মোট ১১ জনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের হইচইয়ের পর র‌্যাবের তিন সদস্যকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তখনো তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়নি। তাঁদের বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোর্ট মার্শাল করতে দেওয়া হয়নি। তিনি এঁদের অবসরকালীন সুবিধা বাতিল ও খুনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, নারায়ণগঞ্জের ঘটনার সময় শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাঁকে জবাবদিহি করতে হবে, আইনের আওতায় আনতে হবে। কারণ, র‌্যাব স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে।

সাবেক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আওয়ামী লীগকে ‘ঝেঁটিয়ে’ দূর করার আহ্বান জানিয়ে বলেন, সময় এলে খুন-গুমের বিচার হবে। সেজন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, আগেরবার আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে ২১ বছর ক্ষমতার বাইরে ছিল, এবার ৪২ বছর ক্ষমতার বাইরে থাকতে হবে। এ জন্য তিনি নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, এবার আওয়ামী লীগকে কাঁদতে হবে। মানুষের কাছে হাত পাততে হবে, পায়ে ধরতে হবে। কারণ তাঁরা অনেক অপরাধ করেছে। তিনি হত্যা-গুম বন্ধ করে দ্রুত নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগকে বিদায় নেওয়ার আহ্বান জানান। ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগের দুই হাজারীকে আড়াল করতে বিএনপি নেতার নামে মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

খালেদা জিয়ার দাবি, গত ৫ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি। ওই দিন নির্বাচনের কেন্দ্রগুলো ছিল ফাঁকা। ভোটকেন্দ্রের সামনে কুকুর পাহারা দিয়েছে। জনগণ ওই নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ, জনগণ সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে যাওয়ার কথা বলেছিল। কিন্তু একদলীয় নির্বাচন হওয়ায় জনগণ তা প্রত্যাখ্যান করেছে।

সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এই সংসদ অবৈধ সংসদ। এই সরকার অবৈধ। সংসদের ১৫৩ জন কোনো ভোটে নির্বাচিত হননি। তিনি বলেন, জনগণের টাকায় সংসদ চলে। কিন্তু সেই সংসদে এখন মিথ্যাচার, গালাগালি ছাড়া আর কিছু চলে না। বাংলাদেশে আজ চলছে শুধু সন্ত্রাস, টেন্ডারবাজি আর ছাত্রলীগের দখলদারি।

খালেদা জিয়া বলেন, ক্ষমতায় যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকার একের পর এক গুম-খুন করছে। গুম আর খুন—এই হলো আওয়ামী লীগের কর্মকাণ্ড। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ রক্ষীবাহিনী সৃষ্টি করেছিল। এখন র‌্যাবকে দিয়ে একই কাজ করানো হচ্ছে।